জঙ্গিবাদবিরোধী বিক্ষোভ সমাবেশ
জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ প্রতিরোধে নীলফামারীতে গতকাল শুক্রবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। একই দাবিতে গাইবান্ধায় মানববন্ধন করেছে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস।
গতকাল বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলা শাখার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল শহরের পৌর বাজারের সামনে থেকে বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর বাজারের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ হয়। সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন যুগ্ম সম্পাদক জহুরুল আলম, সৈয়দপুর উপজেলা সাধারণ সম্পাদক হাফেজ নুরুল হুদা প্রমুখ।
এদিকে গতকাল দুপুরে গাইবান্ধা শহরের ডিবি রোডের আসাদুজ্জামান মার্কেটের সামনে মানববন্ধন করে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস গাইবান্ধা জেলা শাখা। বক্তব্য দেন জমিয়তে আহলে হাদিস জেলা শাখার উপদেষ্টা এবাদুর রহমান, জাহিদুল ইসলাম প্রমুখ।