জঙ্গিবাদবিরোধী মঞ্চের তিন মাসের কর্মসূচি
জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জনমত গঠনের লক্ষ্যে তিন মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদবিরোধী মঞ্চ। গতকাল থেকে শুরু হওয়া কর্মসূচির মধ্যে রয়েছে ঢাকায় মতবিনিময় ও মানববন্ধন। জেলা পর্যায়ে থাকছে পথসভা, সমাবেশ ও মানববন্ধন।মুক্তিযুদ্ধ জাদুঘরে গতকাল বুধবার ‘জাতীয় কনভেনশন-২০১০ উত্তর পুনর্মিলনী’ অনুষ্ঠানে মঞ্চের সমন্বয়ক অজয় রায় এসব কর্মসূচি ঘোষণা করেন। যুদ্ধাপরাধের বিচার, চিহ্নিত যুদ্ধাপরাধীদের গ্রেপ্তার এবং জঙ্গিবাদী সংগঠন নিষিদ্ধ করার দাবিতেও এ সময় বিভিন্ন কর্মসূচি পালিত হবে বলে তিনি জানান।পুনর্মিলনী অনুষ্ঠানে মেজর জেনারেল (অব.) আমীন আহমেদ চৌধুরী বলেন, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা বন্ধ করতে হলে বাহাত্তরের সংবিধানে ফিরে যেতে হবে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলেন, বর্তমানে একাত্তরে পরাজিত শক্তির বিরুদ্ধে যুদ্ধই প্রধান যুদ্ধক্ষেত্র। এই যুদ্ধে অটল থাকলে যুদ্ধাপরাধীদের বিচার এবং জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা বন্ধ হবে।সভাপতির বক্তব্যে অজয় রায় বলেন, দেশে ১২৫টি জঙ্গি সংগঠন সক্রিয়। এদের দমনে সরকারের পাশাপাশি জনগণকেও এগিয়ে আসতে হবে।পুনর্মিলনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পঙ্কজ ভট্টাচার্য, নাজমুল হক প্রধান, নূর আহমদ বকুল, লেনিন চৌধুরী প্রমুখ।