জঙ্গিবাদবিরোধী মানববন্ধন
দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী মানববন্ধন ও লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ:
জয়পুরহাট শহরের কেন্দ্রীয় মসজিদ চত্বরের প্রধান সড়কের পাশে গতকাল বেলা দুইটা থেকে এক ঘণ্টা মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে জয়পুরহাট জেলা সমাজসেবা অধিদপ্তর ও হিজড়া জনগোষ্ঠী। জেলার বিভিন্ন এলাকা থেকে হিজড়া জনগোষ্ঠী মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জয়পুরহাট জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সেলিম শাহ, সহকারী উপপরিচালক নূর মোহাম্মদ, হিজড়া জনগোষ্ঠীর নেতা জাহাঙ্গীর আলম ও মালা বেগম।
নাটোরের বনপাড়া পৌরসভার উদ্যোগে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নাটোর-পাবনা মহাসড়কের পাশে মানববন্ধন করা হয়। পৌর পরিষদ, কর্মকর্তা-কর্মচারী, সচেতন নাগরিক, বনপাড়া কলেজ, বনপাড়া আলিম মাদ্রাসা, সেন্ট যোসেফ উচ্চবিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা এ মানববন্ধনে অংশ নেন। এ সময় পৌরসভার পক্ষ থেকে অংশগ্রহণকারীদের মধ্যে জঙ্গিবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন বনপাড়া পৌর মেয়র অধ্যাপক জাকির হোসেন, পৌর সচিব রেজাউল করিম প্রমুখ।
এদিকে জেলার গুরুদাসপুরে মানববন্ধন করেছে বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন গুরুদাসপুর শাখা। গতকাল উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউএনও ইয়াসমিন আক্তার, উপজেলা চেয়ারম্যান আবদুল আজিজ প্রমুখ।