জঙ্গিবাদবিরোধী মানববন্ধন-সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী, ঠাকুরগাঁও, দিনাজপুর ও পঞ্চগড়ে গতকাল শনিবার সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদবিরোধী মানববন্ধন, শোভাযাত্রা ও সমাবেশ হয়েছে।

আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:

নীলফামারী: দুপুরে জলঢাকার খুটামারা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে টেংগনমারী ডিগ্রি কলেজমাঠে অনুষ্ঠিত জঙ্গিবাদবিরোধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন নীলফামারী-৩ আসনের সাংসদ গোলাম মোস্তফা। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান মো. আবু সাইদ শামিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, টেংগনমারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মাহবুবুজ্জামান প্রমুখ। এর আগে কলেজের সামনের রাস্তায় এক ঘণ্টা মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

সকালে শহরে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও সাম্রাজ্যবাদবিরোধী শোভাযাত্রা ও সমাবেশ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। দলটির জেলা শাখার উদ্যোগে বেলা ১১টার দিকে স্থানীয় শহীদ মিনার চত্বর থেকে ওই শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার শহীদ মিনারে যায়। সেখানে জেলা সভাপতি তপন কুমার রায়ের সভাপতিত্বে বক্তব্য দেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য নূর মোহাম্মদ খান, জেলা সম্পাদক বাবুল আকতার প্রমুখ।

বিরামপুর (দিনাজপুর): হাকিমপুর উপজেলার বাংলাহিলি চারমাথা মোড়ে বেলা ১১টায় মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়। গতকাল উপজেলার সব মাদ্রাসাশিক্ষক-শিক্ষার্থী ও এলাকার সুধীজনের অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়। বক্তব্য দেন হাকিমপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন উর রশীদ, ছাতনী রাউতারা জেএম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. নুরুল ইসলাম প্রমুখ।

ঠাকুরগাঁও: শহরের চৌরাস্তায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। এতে ঠাকুরগাঁও-৩ আসনের সাংসদ ইয়াসিন আলী, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। এর আগে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে চৌরাস্তায় এসে শেষ হয়।

পঞ্চগড়: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জেলা শাখার উদ্যোগে গতকাল দুপুরে পঞ্চগড় প্রেসক্লাব থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশে সংগঠনের জেলা শাখার সভাপতি আবু বক্কর সিদ্দীক, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দীক প্রধান, জেলা ছাত্র মৈত্রীর সভাপতি উজ্জ্বল অধিকারী প্রমুখ বক্তব্য দেন।