জঙ্গিবাদবিরোধী মিছিল, মানববন্ধন
দিনাজপুর, পঞ্চগড় ও গাইবান্ধায় গতকাল রোববার জঙ্গি ও সন্ত্রাসবাদবিরোধী মিছিল ও মানববন্ধন হয়েছে। জেলা আইনজীবী সমিতির উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।
প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
দিনাজপুর: সকাল ১০টায় জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণ থেকে মিছিল বের হয়ে আদালত এলাকা প্রদক্ষিণ শেষে সমিতি প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপর আদালত প্রাঙ্গণে মানববন্ধন হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি মইনুল ইসলাম। সমিতির সম্পাদক এমাম আলীর সঞ্চালনায় বক্তব্য দেন সমিতির সাবেক সভাপতি পিপি আজিজুল ইসলাম, সমিতির সাবেক সভাপতি আবদুল লতিফ, মো. ইউসুফ আলী, সাবেক পিপি হামিদুল ইসলাম, সমিতির সহসভাপতি নুরুল ইসলাম, আওয়ামী আইনজীবী পরিষদের সম্পাদক নুরুজ্জামান জাহানী প্রমুখ।
পঞ্চগড়: দুপুরে জজকোর্টের সামনে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে আইনজীবীরা অংশ নেন। জেলা আইনজীবী সমিতির সভাপতি গোলাম হাফিজ, সম্পাদক মজনুর রহমান, সদস্য আবুল কালাম আজাদ, আজিজার রহমান, সরকারি কৌঁসুলি আমিনুর রহমান প্রমুখ বক্তব্য দেন। মানববন্ধন শেষে একটি মিছিল শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে জেলা জজকোর্ট চত্বরে এসে শেষ হয়।
গাইবান্ধা: জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন করে বার অ্যাসোসিয়েশন। বক্তব্য দেন জেলা অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক আহমেদ, সম্পাদক আহসানুল করিম, সরকারি কৌঁসুলি শফিকুল ইসলাম, আইনজীবী শামসুল আলম প্রধান, জি এস আলমগীর, মহিবুল হক, আনিছুর রহমান, এহতেশাম এমরান, সমীরণ কুমার প্রমুখ। এ ছাড়া গোবিন্দগঞ্জ উপজেলা চারমাথা মোড়ে মানববন্ধন করে গোবিন্দগঞ্জ আইনজীবী সমিতি।