
জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সফল হতে হলে একে ‘চূড়ান্ত লড়াই’য়ে রূপ দিতে হবে। এর জন্য প্রয়োজন দৃঢ় জাতীয় ঐক্য। এ লড়াইয়ে প্রত্যেক সুনাগরিকের যোগ দেওয়া জাতীয় দায়িত্ব।
গতকাল রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ’৭১ আয়োজিত ‘সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদবিরোধী জাতীয় সম্মেলনে’ সবাইকে ঐকবদ্ধভাবে জঙ্গিবাদ মোকাবিলায় ‘আঞ্চলিক ও গ্লোবাল টাস্কফোর্স’ গঠনের ডাক দেওয়া হয়। এ ছাড়া সম্মেলনে মাদ্রাসা শিক্ষাব্যবস্থার সংস্কার, জঙ্গিবাদের আর্থিক উৎস ও পৃষ্ঠপোষকতা বন্ধ, তৃণমূলে জঙ্গিবাদবিরোধী সমন্বিত প্রচার, ইমাম-সমাজপতি-ইসলামি চিন্তাবিদদের ভূমিকাকে যথাযথ ব্যবহার এবং পাশ্চাত্যের দ্বিমুখী নীতি বন্ধের সুপারিশ করা হয়।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘যে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ বাংলাদেশকে নষ্ট করছে, মুক্তিযুদ্ধের আদর্শের পরিপন্থী কাজ করছে, তার সঙ্গে সম্মুখযুদ্ধে অবতীর্ণ হওয়া প্রয়োজন।’
‘মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ঐক্য নানাভাবে বিনষ্ট হয়েছে’ উল্লেখ করে আনিসুজ্জামান সবাইকে একযোগে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, ‘দুই বছর ধরে দেশে শুধু সাম্প্রদায়িক নির্যাতন হচ্ছে তা নয়, শহীদ মিনার ভাঙা হচ্ছে, জাতীয় পতাকায় আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। এসবের মাধ্যমে আমরা স্পষ্ট বুঝি, একাত্তর সালে যে সংগ্রাম মুক্তিযোদ্ধারা শুরু করেছিলেন, তা এখনো সমাপ্ত হয়নি। এই পতাকা-মিনারের পক্ষের লোকদের আবার যুদ্ধ করতে হবে।’
সভাপতির বক্তব্যে সেক্টর কমান্ডারস ফোরামের চেয়ারম্যান এ কে খন্দকার বলেন, ‘প্রতিটি যুদ্ধাপরাধীর বিচার সম্পন্ন হলেই কেবল বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিরাপদ হবে। সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদবিরোধী আন্দোলনে সম্পৃক্ত হওয়া প্রত্যেক সুনাগরিকের জাতীয় দায়িত্ব।’
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান বলেন, ‘গোঁজামিলের সংবিধান দিয়ে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ নির্মূল করা যাবে না। জামায়াত-শিবিরকে নিষিদ্ধ না করে মুখে মুখে জঙ্গি বলার রাজনৈতিক তামাশা বন্ধ করতে হবে।’ তিনি বলেন, সময় এসেছে নতুন করে প্রতিটি ঘরে যাওয়ার। বাড়ি বাড়ি গিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে উজ্জীবিত করার।
সংখ্যালঘুদের নিয়ে যাঁরা ‘থাকলে ভোট পাই, না থাকলে জমি পাই’ নীতি মেনে চলেন, তাঁদের ঘৃণাভরে প্রত্যাখ্যানের আহ্বান জানান তিনি।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির বলেন, মুক্তিযুদ্ধের পরে যাঁরা অস্ত্র জমা দিয়েছেন, মনে হয় অনেকেই কোথাও না কোথাও তাঁদের চেতনাকেও জমা দিয়েছেন। মুক্তিযুদ্ধের চেতনাই আমাদের নতুন যুদ্ধের হাতিয়ার। বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধাদের কাছ থেকে ফেরত নেওয়া অস্ত্র জাতির প্রয়োজনে আবার হাতে তুলে দেওয়ার কথা বলেছিলেন—এমনটি উল্লেখ করে তিনি প্রধানমন্ত্রীকে এখন অস্ত্র ফেরত দেওয়ার আহ্বান জানান।
ফোরামের সাধারণ সম্পাদক হারুন হাবীব মূল প্রবন্ধে বলেন, ‘জঙ্গিবাদ ও মৌলবাদের বিরুদ্ধে লড়াইয়ে জাতির দৃঢ় রাজনৈতিক অঙ্গীকার প্রয়োজন। এ লড়াই কোনো দলের বা মতের নয়, “হাফ-হার্টেড” নয়, একে হতে হবে “ডিসাইসিভ”, অর্থাৎ চূড়ান্ত লড়াই।’
সম্মেলনে সেক্টর কমান্ডারস ফোরামের সিনিয়র ভাইস চেয়ারম্যান কে এম সফিউল্লাহ, সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসিরউদ্দীন ইউসুফ, বাংলাদেশ মহিলা পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাখীদাশ পুরকায়স্থ, মাওলানা ফরিদউদ্দিন মাসউদ, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার প্রমুখ বক্তব্য দেন। সম্মেলনে সেক্টর কমান্ডার সি আর দত্তসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।