জঙ্গিবাদবিরোধী সুন্নি সমাবেশ সফল করার আহ্বান
জঙ্গিবাদবিরোধী জাতীয় জাগরণ সৃষ্টি, বিশ্বব্যাপী মুসলিম গণহত্যা বন্ধ করা এবং ইসলামের শান্তির বাণী সব মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আগামী ১২ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠেয় সুন্নি মহাসমাবেশ সফল করার আহ্বান জানানো হয়েছে। এ উপলক্ষে আহলে সুন্নত ওয়াল জমাআত সমন্বয় কমিটি গতকাল বুধবার বিকেলে নগরের কাজীর দেউড়ি এলাকার একটি কমিউনিটি সেন্টারে মতবিনিময় সভার আয়োজন করে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আহলে সুন্নত ওয়াল জমাআত সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক মাওলানা এম এ মতিন। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দীন চৌধুরী। মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেন এম এ মান্নান, আবদুস শাকুর, সৈয়দ সাইফুদ্দীন আহমেদ প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, সুন্নি ও সুফি ভাবধারার চরম শত্রু জঙ্গিবাদ এখন বাংলাদেশে ভয়াবহ রূপ ধারণ করেছে। সুন্নি ও সুফি চিন্তাধারার অনুসারীদের জন্য মারাত্মক হুমকি হিসেবে আবির্ভূত হওয়া জঙ্গিবাদ রুখতে জাতীয় জাগরণ অনিবার্য হয়ে উঠেছে।