ময়মনসিংহ বিভাগ ও টাঙ্গাইলে গতকাল রোববার যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শহীদদের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা, কুচকাওয়াজ, শারীরিক কসরত প্রদর্শনীসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
শেরপুরে আলোচনা সভায় হুইপ আতিউর রহমান বলেন, ‘সম্প্রতি দেশে জঙ্গিদের তৎপরতা বেড়েছে। তারা ইসলাম প্রতিষ্ঠার নামে নিরীহ মানুষকে মারছে। তাই জঙ্গিবাদ ও সন্ত্রাসমুক্ত বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ে তোলার জন্য মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শে উজ্জীবিত হয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আর এ জন্য আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নতুন প্রজন্মকে জঙ্গিবাদের বিরুদ্ধে আর একটি যুদ্ধ করতে হবে।’
ভোর ৫টা ৫৭ মিনিটে ময়মনসিংহ শহরের পাটগুদাম এলাকায় অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধ নিবেদন করেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। এ সময় ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন, পুলিশের উপমহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও জেলা প্রশাসক মো. খলিলুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা স্মৃতিসৌধে ফুল দেন। পরে জেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শনী হয়। দিনব্যাপী ছিল শহীদ মুক্তিযোদ্ধার পরিবারের সদস্য ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ নানা আয়োজন। বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকেও স্মৃতিসৌধে ফুল দেওয়াসহ নানা কর্মসূচি পালন করা হয়।
৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। সকাল আটটায় স্টেডিয়ামে শিশু-কিশোরদের কুচকাওয়াজে টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন ও পুলিশ সুপার মাহবুব আলম সালাম গ্রহণ করেন। বেলা ১১টায় শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক মো. মাহবুব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান। বক্তব্য দেন পুলিশ সুপার মাহবুব আলম, পৌরসভার মেয়র জামিলুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার খন্দকার জহুরুল হক।
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সকালে উপাচার্য মুক্তিযুদ্ধের ভাস্কর্য প্রত্যয় ’৭১–এ পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে স্বাধীনতা দিবসের কর্মসূচি শুরু করে। পরে মুক্তমঞ্চে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আলাউদ্দিন। বক্তব্য দেন লাইফ সায়েন্স অনুষদের ডিন মো. সিরাজুল ইসলাম, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন মুহাম্মদ শাহীন উদ্দিন, বিজ্ঞান অনুষদের ডিন পিনাকী দে।
ভোরে শেরপুর সদর থানা প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। পরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় সংসদে সরকারদলীয় হুইপ মো. আতিউর রহমান, জেলা প্রশাসক মল্লিক আনোয়ার হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, পুলিশ সুপার রফিকুল হাসান গনি, মুক্তিযোদ্ধা সংসদের জেলা ইউনিট কমান্ডার আ স ম নুরুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা, রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নেতারা। সকাল আটটায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন শেষে কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শনী হয়। দুপুর ১২টায় জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে হুইপ আতিউর মুক্তিযোদ্ধাদের হাতে উপহারসামগ্রী তুলে দেন।
৩১ বার তোপধ্বনির পর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নেত্রকোনার জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ, বিএনপি, সিপিবি, মুক্তিযোদ্ধা সংসদ, উদীচী, রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, মহিলা পরিষদ, প্রথম আলো বন্ধুসভাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠান শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিফলক ও সাতপাই স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। সকাল আটটায় মোক্তারপাড়া মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে শারীরিক কসরত ও কুচকাওয়াজ প্রদর্শিত হয়। বেলা সাড়ে ১১টার দিকে পাবলিক হলে জেলা প্রশাসক মো. মুশফিকুর রহমানের সভাপতিত্বে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা হয়। এতে বক্তব্য দেন পুলিশ সুপার জয়দেব চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান, জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আমিন প্রমুখ।
ভোরে জামালপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরের মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এরপর জামালপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ সুপার, জেলা আওয়ামী লীগ, জেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। সকাল আটটায় জামালপুর বীর মুক্তিযোদ্ধা আবদুল হাকিম স্টেডিয়ামে জামালপুর জেলা প্রশাসন কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শনীর আয়োজন করে। কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের অভিবাদন গ্রহণ করেন জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান ও পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন। এ সময় জামালপুর-৫ আসনের সাংসদ রেজাউল করিম ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ বাকী বিল্লাহ উপস্থিত ছিলেন।
কিশোরগঞ্জের ভৈরব উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকালে বধ্যভূমির স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য ‘দুর্জয় ভৈরব’ এ স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। সকাল নয়টা থেকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় স্টেডিয়াম মাঠে হয় কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শনী হয়। স্বাধীনতা দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করে। এ ছাড়া ‘কল্যাণের জন্য আমরা’ নামে একটি সামাজিক সংগঠন শিশু-কিশোরদের নিয়ে আয়োজন করে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা।
শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের শহীদ মিনার প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে উপজেলা প্রশাসনসহ রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে। সকাল নয়টায় উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ মিনার থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তারাগঞ্জ উচ্চবিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। পরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শারীরিক কসরত প্রদর্শন করে। ১২টার সময় ওই বিদ্যালয়ের মাঠে উপজেলার ৩০০ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়। সন্ধ্যায় মুক্তিযোদ্ধা মঞ্চে আলোচনা সভা হয়।
শনিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মাঠে তোপধ্বনি এবং শহীদদের প্রতি শ্রদ্ধা ও পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল নয়টায় সরিষাবাড়ী কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। কলেজ মাঠে জাতীয় কুচকাওয়াজে ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়। দুপুরে পুরস্কার বিতরণ, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা হয়।
টাঙ্গাইলের সখীপুর উপজেলা পরিষদ ও প্রশাসনের আয়োজনে ভোর পাঁচটা ৫৭ মিনিটে স্থানীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদ মাঠে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মুক্তিযোদ্ধাদের ফুটবল খেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভাসহ দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে।
{প্রতিবেদন তৈরি করেছেন নিজস্ব প্রতিবেদক, ভৈরব, ময়মনসিংহ অফিস, টাঙ্গাইল, শেরপুর, নালিতাবাড়ী (শেরপুর), জামালপুর, সরিষাবাড়ী (জামালপুর), সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি}