জঙ্গিবাদমুক্ত দেশ গড়ার প্রত্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীতে গতকাল বিজয় দিবসের অনুষ্ঠানে শিক্ষার্থীদের শারীরিক কসরত প্রদর্শন l ছবি: প্রথম আলো
ফেনীতে গতকাল বিজয় দিবসের অনুষ্ঠানে শিক্ষার্থীদের শারীরিক কসরত প্রদর্শন l ছবি: প্রথম আলো

সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদমুক্ত দেশ গড়ার প্রত্যয়ে গতকাল শুক্রবার মহান বিজয় দিবস উদ্যাপন করা হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক দেশ গড়ার শপথ নিয়েছে মানুষ। দিবসটি উদ্যাপনে দেশের বিভিন্ন জেলায় আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বিজয় শোভাযাত্রা, কুচকাওয়াজসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথম আলোর আঞ্চলিক কার্যালয়, নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
চট্টগ্রামে বিএনপির বিজয় শোভাযাত্রা: মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম নগর বিএনপির উদ্যোগে বিজয় শোভাযাত্রা বের করা হয়। নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেনের নেতৃত্বে সকালে দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে থেকে এ শোভাযাত্রা বের হয়।
এর আগে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে শাহাদাত হোসেন বলেন, ‘১৬ ডিসেম্বর আমাদের অহংকারের এবং বিজয়ের দিন। কিন্তু স্বাধীনতার ৪৫ বছর পরও মানুষের বাক্স্বাধীনতা, গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য লড়তে হচ্ছে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম, সাবেক ওয়ার্ড কাউন্সিলর সামশুল আলম, বিএনপির নেতা মোহাম্মদ মিয়া প্রমুখ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: পুষ্পস্তবক অর্পণ, বিজয় শোভাযাত্রা, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবস উদ্যাপন করা হয়েছে। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য শিরীন আখতারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী, ডেপুটি রেজিস্ট্রার (তথ্য) ফরহাদ হোসেন খান প্রমুখ।
উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা অর্জন সম্ভব হয়েছিল বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধুর দূরদর্শী ও বলিষ্ঠ নেতৃত্বের কারণে। বিজয়ের এ দিনে দেশের তরুণ প্রজন্মকে জ্ঞান–বিজ্ঞানে সমৃদ্ধ হওয়ার শপথ নিতে হবে।
চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়: সকালে প্রশাসন ও বিভিন্ন ছাত্রসংগঠন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। পরে শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ রফিকুল আলম বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
সভায় বক্তব্য দেন অধ্যাপক মো. মাহবুবুল আলম, মো. তাজুল ইসলাম, বদিউস সালাম, মো. আবদুর রশীদ।
বোয়ালখালী: আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রামের বোয়ালখালীর সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ বিজয় দিবস উদ্যাপন করা হয়েছে। সকালে কলেজের ফারাজ চত্বরে এসব কর্মসূচি পালন করা হয়। কলেজের শিক্ষক মো. মহসিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ সমীর কান্তি দাশ। বক্তব্য দেন কলেজের শিক্ষক এ কে এম ইসমাইল, পূর্বা দাশ, হেলাল উদ্দিন, আবুল মনছুর, শাহেদা বেগম।
অধ্যক্ষ সমীর কান্তি দাশ বলেন, আগামী প্রজন্মকে ইতিহাস, ঐতিহ্য ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে ফারাজ চত্বরে বিজয় দিবসের কর্মসূচি ফারাজ চত্বরে আয়োজন করা হয়েছে। একাত্তর সালে মুক্তিযোদ্ধা দেশের জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। ফারাজও মানবতার জন্য নিজের জীবন দিয়ে সাহস এবং আত্মত্যাগের অনন্য উদাহরণ তৈরি করেছেন।
আনোয়ারা: উপজেলা প্রশাসনের উদ্যোগে কুচকাওয়াজ, ক্রীড়া প্রতিযোগীতা, প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়। দেওয়া হয় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা। আনোয়ারা আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে কুচকাওয়াজে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও গৌতম বাড়ৈ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী।
উপজেলার পশ্চিমচাল ইসলামিয়া ফাজিল মাদরাসার উদ্যোগে সকালে শোভাযাত্রা বের করা হয়। পরে মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন অধ্যক্ষ আবুল কাশেম, বারশত ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ, মোহাম্মদ সোলায়মান, মোহাম্মদ ইউছুপ, মোহাম্মদ শুক্কুর ও মোহাম্মদ আলী।
সাতকানিয়া: উপজেলা প্রশাসনের আয়োজনে সাতকানিয়া মডেল উচ্চবিদ্যালয় মাঠে শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করে। এতে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাংসদ আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ উল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠিত কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফ ইমতিয়াজ, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হোসেন প্রমুখ।
দুপুরে পাবলিক হলের সামনের মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। এতে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংসদ সাতকানিয়া উপজেলা ইউনিট কমান্ডার আবু তাহের, ডেপুটি কমান্ডার মিলন কুমার ভট্টাচার্য প্রমুখ।
লোহাগাড়া: উপজেলার চুনতি পানত্রিশা এলাকায় সকালে বীর বিক্রম মো. জয়নাল আবেদীন উচ্চবিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় গরিব শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আক্কাছ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী।
এ ছাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। লোহাগাড়া ইউএনও মো. ফিজনূর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ মো. নিজাম উদ্দিন নদভী।
কক্সবাজার: শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, জাতীয় পার্টি, কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট, স্বাস্থ্য বিভাগ, উদীচী, প্রথম আলো বন্ধুসভা, খেলাঘর, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক–সাংস্কৃতিক সংগঠন।
সকালে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজ প্রদর্শন করে। কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক মো. আলী হোসেন ও পুলিশ সুপার শ্যামল কুমার নাথ।
মহেশখালী: বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে উপজেলা পরিষদসংলগ্ন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল কালাম। সকালে মহেশখালী আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে আয়োজন করা হয় কুচকাওয়াজ, শরীরচর্চা প্রদর্শন ও ক্রীড়া প্রতিযোগিতার। পরে বিকেলে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, আলোচনা সভা ও মুক্তিযুদ্ধবিষয়ক চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল কালাম। এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-২ আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) বিভীষণ কান্তি দাশ, মহেশখালী থানার ওসি বাবুল চন্দ্র বণিক, পৌর মেয়র মকছুদ মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ শফিউল আলম প্রমুখ।
পেকুয়া: সুচিন্তা বাংলাদেশের উদ্যোগে বিকেলে বিজয় শোভাযাত্রা বের করা হয়। বেলা সাড়ে তিনটায় পেকুয়া বাজারের উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রাটি বের হয়ে পেকুয়া চৌমুহনী গিয়ে শেষ হয়। পরে পেকুয়া চৌমুহনী চত্বরে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য দেন সুচিন্তা বাংলাদেশের চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক মোহাম্মদ আশরাফুল ইসলাম।
নোয়াখালী: রাত ১২টা ১ মিনিটে দিবসের প্রথম প্রহরে জেলা শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস, পুলিশ সুপার (এসপি) মো. ইলিয়াছ শরীফ। এরপর জেলা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, জেলা পরিষদ, জেলা আইনজীবী সমিতি, মুক্তিযোদ্ধা সংসদ, নোয়াখালী পৌরসভা, নোয়াখালী প্রেসক্লাব, সম্মিলিত সাংস্কৃতিক জোট এবং সকালে নোয়াখালী চিকিৎসা সহকারী প্রশিক্ষণ বিদ্যালয় (ম্যাটস) শিক্ষক-শিক্ষার্থীরা এবং প্রথম আলো বন্ধুসভাসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম অহিদুজ্জামানের নেতৃত্বে শিক্ষকেরা ক্যাম্পাসের বিজয় শোভাযাত্রা বের করেন।
লক্ষ্মীপুর: বিজয় চত্বর স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করার মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। রাত ১২টা ১ মিনিটে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সদর আসনের সাংসদ এ কে এম শাহজাহান কামাল, জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী, পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন। পরে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক, সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী, পৌর মেয়র আবু তাহের।
সকাল আটটায় লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে শারীরিক কসরত প্রদর্শন করা হয়।
ফেনী: রাত ১২টা ১ মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। শহরের শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মো. আমিন উল আহসান, পুলিশ সুপার মো. রেজাউল হক, স্থানীয় সংরক্ষিত আসনের নারী সাংসদ জাহান আরা বেগম, সাবেক সাংসদ জয়নাল আবদীন, পৌর মেয়র আলাউদ্দিন প্রমুখ। সকালে ভাষাশহীদ আবদুস সালাম স্টেডিয়ামে বর্ণাঢ্য কুচকাওয়াজ, শারীরিক কসরত প্রদর্শন, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বান্দরবান: শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিজয় দিবস উদ্যাপন করা হয়েছে। সকাল সাড়ে আটটায় স্টেডিয়ামে কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়। কুচকাওয়াজে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।