জঙ্গিবাদমুক্ত দেশ গড়ার প্রত্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন উপলক্ষে গতকাল সকালে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে মনোমুগ্ধকর প্রদর্শনী করে দেখায় শিক্ষার্থীরা l ছবি: প্রথম আলো
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন উপলক্ষে গতকাল সকালে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে মনোমুগ্ধকর প্রদর্শনী করে দেখায় শিক্ষার্থীরা l ছবি: প্রথম আলো

জঙ্গিবাদমুক্ত দেশ গড়ার প্রত্যয় নিয়ে গতকাল রোববার রাজশাহী বিভাগের বিভিন্ন স্থানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। দিনটির কর্মসূচির মধ্যে ছিল মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা।

বগুড়ায় ভোরে জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে মুক্তির ফুলবাড়ি শহীদ স্মৃতিস্তম্ভে এবং বগুড়া প্রেসক্লাব, বগুড়া সাংবাদিক ইউনিয়নসহ অন্যান্য রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জেলা আওয়ামী লীগ শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। শহীদ চান্দু স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ, শিশু-কিশোর সমাবেশ ও শারীরিক কসরত। এ ছাড়া আদমদীঘি ও সান্তাহার উপজেলায় নানা কর্মসূচি হাতে নেওয়া হয়।

স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের গানে নৃত্য প্রদর্শন করছে বিদ্যালয়ের ছাত্রীরা। ছবিটি গতকাল পাবনা শহীদ আমিন উদ্দিন স্টেডিয়াম থেকে তোলা l প্রথম আলো
স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের গানে নৃত্য প্রদর্শন করছে বিদ্যালয়ের ছাত্রীরা। ছবিটি গতকাল পাবনা শহীদ আমিন উদ্দিন স্টেডিয়াম থেকে তোলা l প্রথম আলো

সূর্যোদয়ের পর রাজশাহী পুলিশ লাইনসে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। সকাল সাড়ে ছয়টায় রাজশাহী কোর্ট শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সকাল সাড়ে আটটায় রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ হয়। সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে সংবর্ধনা দেওয়া হয় মুক্তিযোদ্ধাদের। বিকেলে নগরের লালন শাহ মঞ্চে ঘুড়ি ও ফানুস ওড়ানোর পাশাপাশি মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেওয়া হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোষাধ্যক্ষ সায়েন উদ্দিন আহমেদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও এক মিনিট নীরবতা পালন করেন। পরে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, শহীদ স্মৃতি সংগ্রহশালাসহ অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হয়।

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য রফিকুল আলম বেগ।

এদিকে দিনের প্রথম ভাগে পাবনা-৫ আসনের সাংসদ গোলাম ফারুক ও জেলা প্রশাসক রেখা রানী বালো মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ দুর্জয় পাবনার পাদদেশে পুষ্পস্তবক অর্পণ করে দিনের কর্মসূচি শুরু করেন। এরপর বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। সকালে শহরের শহীদ আমিন উদ্দিন স্টেডিয়ামে কুচকাওয়াজ হয়। এ ছাড়া পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা মেডিকেল কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠন নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করে।

ঈশ্বরদী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ অঞ্চলের মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের ৪০০ সদস্যকে সংবর্ধনা ও পুরস্কার দেওয়া হয়।

সকাল আটটায় জয়পুরহাট স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে কুচকাওয়াজ হয়। মুক্তিযোদ্ধাদের জানানো হয় শুভেচ্ছা। জেলা শিশু একাডেমী আয়োজন করে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার। সন্ধ্যায় শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 নওগাঁয় ভোর পৌনে ছয়টায় শহরের মুক্তির মোড় শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে জেলা প্রশাসন। এরপর পুষ্পার্ঘ্য অর্পণ করে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও সাধারণ মানুষ। সকাল আটটায় জেলা ক্রীড়া সংস্থা স্টেডিয়ামে কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করা হয়।

দুপুরে শহরের পুরাতন কালেক্টরেট চত্বর মাঠে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। বিকেলে শহরের মুক্তির মাঠে আলোচনা সভা হয়।

সিরাজগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার মুক্তির সোপানে ৩১ বার তোপধ্বনির পর পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকালে শহীদ শামসুদ্দীন স্টেডিয়ামে কুচকাওয়াজ হয়। পরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। সিরাজগঞ্জের অফিসার্স ক্লাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। রায়গঞ্জ উপজেলায় বেলা ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় চত্বরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।

নাটোর কানাইখালী মাঠে ভোর সাড়ে পাঁচটায় তোপধ্বনি করা হয়। সূর্যোদয়ের সময় নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সাংসদ শফিকুল ইসলাম ও জেলা প্রশাসক শাহিনা খাতুন মাদ্রাসা মোড়ের শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। সকালে কানাইখালী মাঠে কুচকাওয়াজ ও আলোচনা হয়।

চাঁপাইনবাবগঞ্জে দিনের শুরুতেই জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, বিএনপি, জাসদসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে। সকাল সাড়ে আটটায় জেলা স্টেডিয়ামে কুচকাওয়াজ হয়। পরে শাহনেয়ামতুল্লাহ কলেজ মিলনায়তনে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, যুদ্ধাহত ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।

{প্রতিবেদন তৈরিতে সহযোগিতা দিয়েছেন নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা অফিস, বগুড়া, আদমদীঘি, রাজশাহী, ঈশ্বরদী, জয়পুরহাট, নওগাঁ, সিরাজগঞ্জ, রায়গঞ্জ ও নাটোর প্রতিনিধি}