জঙ্গিবাদমুক্ত দেশ গড়ার শপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাধীনতা দিবসের ভোরে পরিবারের বড়দের সঙ্গে চট্টগ্রাম নগরের কেন্দ্রীয় শহীদ মিনারে আসে দুই িশশু। তাদের মাথা মোড়ানো ছিল লাল–সবুজের প্রিয় জাতীয় পতাকায়। ছবিটি গতকাল সকাল সাতটায় তোলা l জুয়েল শীল
স্বাধীনতা দিবসের ভোরে পরিবারের বড়দের সঙ্গে চট্টগ্রাম নগরের কেন্দ্রীয় শহীদ মিনারে আসে দুই িশশু। তাদের মাথা মোড়ানো ছিল লাল–সবুজের প্রিয় জাতীয় পতাকায়। ছবিটি গতকাল সকাল সাতটায় তোলা l জুয়েল শীল

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে চট্টগ্রামের সর্বস্তরের মানুষ। নগরের কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল রোববার ভোরে ফুল হাতে ভিড় জমান বিভিন্ন বয়সের হাজারো মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে শ্রদ্ধা জানাতে আসা মানুষের এই ভিড়। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতামুক্ত দেশ গড়ার শপথ নেন তাঁরা। একের পর এক জঙ্গি হামলার ঘটনায় উদ্বেগও প্রকাশ করলেও এসব কর্মকাণ্ড রুখে দাঁড়ানোর প্রতিজ্ঞা করেন তাঁরা।
গতকাল সকালে শহীদ মিনারে ফুল দিতে আসা কলেজছাত্র ফাহিমুল ইসলাম প্রথম আলোকে বলেন, কয়েক দিন পরপর জঙ্গি আস্তানার সন্ধান মিলছে। হামলা হচ্ছে। শহীদেরা এমন বাংলাদেশের জন্য প্রাণ দেননি। সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদমুক্ত দেশ গড়তে পারলেই শহীদদের আত্মা শান্তি পাবে।
মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সাহাবউদ্দিন বলেন, ‘একটি শ্রেণি দেশকে জঙ্গিবাদের দিকে ঠেলে দিতে চাচ্ছে। অসাম্প্রদায়িক চেতনায় আমরা যুদ্ধ করেছিলাম। জীবন থাকতে এই দেশ মৌলবাদীদের হাতে তুলে দিতে পারি না।’

চট্টগ্রাম নগরের কেন্দ্রীয় শহীদ মিনারে স্বাধীনতা দিবসে গতকাল সকালে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় মহানগর আওয়ামী লীগ l প্রথম আলো
চট্টগ্রাম নগরের কেন্দ্রীয় শহীদ মিনারে স্বাধীনতা দিবসে গতকাল সকালে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় মহানগর আওয়ামী লীগ l প্রথম আলো

গতকাল সকাল ছয়টায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি প্রথম শহীদ মিনারে ফুল দেন। এরপর ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে বিভাগীয় কমিশনার, ডিআইজি, নগর পুলিশ কমিশনার, পুলিশ সুপার, জেলা প্রশাসক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ একাত্তরের শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
চট্টগ্রাম নগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, নগর বিএনপি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাসদ, বাঁশখালী ফাউন্ডেশন, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতা-কর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এদিকে গতকাল সকাল আটটায় নগরের প্যারেড ময়দানে শুরু হয় কুচকাওয়াজ ও ডিসপ্লে। চট্টগ্রাম জেলা আয়োজিত এই কুচকাওয়াজ অনুষ্ঠানে নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। তাদের শারীরিক কসরত মুগ্ধ করে দর্শকদের।
স্বাধীনতা দিবস উপলক্ষে নগরের বিভিন্ন স্থানে সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন পৃথক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।