
চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ও বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কর্ণফুলী রেজিমেন্টের উদ্যোগে গতকাল শনিবার সকালে নগরে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী কর্মসূচি পালন করা হয়েছে। পৃথকভাবে আয়োজিত দুটি কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থী ও ক্যাডেটরা জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেন।
সকালে চট্টগ্রাম সরকারি সিটি কলেজের উদ্যোগে কলেজ ক্যাম্পাস থেকে জঙ্গিবাদবিরোধী শোভাযাত্রা বের হয়। এর উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ঝরনা খানম। শোভাযাত্রাটি ক্যাম্পাস থেকে বের হয়ে শহীদ মিনার ও কোতোয়ালি হয়ে আবার কলেজ ক্যাম্পাসে ফিরে এসে সমাবেশ করে।
সমাবেশে বক্তারা বলেন, জঙ্গিবাদ ধর্মের শত্রু। মানবতার শত্রু। জঙ্গিবাদকে ঐক্যবদ্ধভাবে রুখে না দাঁড়ালে বাংলাদেশ নয়, মানব সভ্যতা চরম বিপর্যয়ের মধ্যে পড়বে। এ জন্য প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র-শিক্ষক-অভিভাবকদের মধ্যে ঐক্য গড়ে তুলতে হবে।
সমাবেশে বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. হযরত আলী মিঞা, শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক রেজাউল করিম, শিক্ষক ক্লাব সম্পাদক অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছ, কলেজ ছাত্র সংসদের (দিবা) সহসভাপতি (ভিপি) আবু তাহের, সাধারণ সম্পাদক মোহাম্মদ মারুফ আহমেদ সিদ্দিকী প্রমুখ।
এদিকে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কর্ণফুলী রেজিমেন্টের আয়োজনে গতকাল সকালে নগরের এম এ আজিজ স্টেডিয়াম চত্বরে জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে অগ্রণী ভূমিকা পালন করার জন্য বিএনসিসি ক্যাডেটদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে সমাবেশে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, দেশের বিভিন্ন এলাকায় উগ্রপন্থীরা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে। একই সময়ে শৃঙ্খলা ও একতার মন্ত্রে উজ্জীবিত হচ্ছে একঝাঁক তরুণ ক্যাডেট। এই তরুণেরাই আগামী দিনের চলার পথে আশার আলো জ্বালাবে।
কর্ণফুলী রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লে. কর্নেল মো. সফিকুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন কর্ণফুলী রেজিমেন্ট অ্যাডজুটেন্ট মেজর মো. মঞ্জুরে খোদা, ব্যাটালিয়ন অ্যাডজুটেন্ট মেজর সৈয়দ জহির উদ্দিন মো. বাবর প্রমুখ।
সমাবেশ শেষে জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী একটি শোভাযাত্রা নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় ‘জঙ্গিমুক্ত বাংলাদেশ চাই’, ‘জঙ্গি হটাও দেশ বাঁচাও’ ইত্যাদি স্লোগানযুক্ত ফেস্টুন ও ব্যানার বহন করেন ক্যাডেটরা।