জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান

তোপধ্বনি, শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণসহ নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় গতকাল রোববার উদ্যাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। আমাদের নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও আঞ্চলিক কার্যালয় থেকে পাঠানো সংবাদ:
রংপুরে সূর্যদয়ের পর শহরের মডার্ন মোড়ে অবস্থিত ভাস্কর্য অর্জনে বিভাগীয় কমিশনার, পুলিশের ডিআইজি, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সেই সঙ্গে সিটি করপোরেশন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা ও মহানগর আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে। সকাল ১০টায় শিল্পকলা একাডেমী ও শিশু একাডেমি চত্বরে এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের চিত্রাঙ্কন, রচনা, হাতের লেখা, দেশাত্মকবোধক গান প্রতিযোগিতা এবং টাউন হলে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কাজী হাসান আহমেদ। অন্যান্যের মধ্যে আলোচনা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে সাফিউর রহমান, তুষার কান্তি মণ্ডল প্রমুখ।
গাইবান্ধা শাহ আবদুল হামিদ স্টেডিয়াম মাঠে সকালে শারীরিক কসরত প্রদর্শনের আয়োজন করে জেলা প্রশাসন। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবদুস সামাদ। বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম, মুক্তিযুদ্ধের সংগঠক ওয়ালিউর রহমান, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক মণ্ডল, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মবিনুল হক, সাবেক জেলা কমান্ডার মাহমুদুল হক, জেলা জাসদের সভাপতি মুক্তিযোদ্ধা শাহ শরিফুল ইসলাম প্রমুখ। শেষে মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে ৪০০ মুক্তিযোদ্ধার প্রত্যেককে ৫০০ টাকা করে প্রাইজবন্ড দেওয়া হয়।
ঠাকুরগাঁওয়ে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে অপরাজেয়-৭১-এ মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় বড় মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে সকালে জেলার বিভিন্ন বাহিনী ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আবদুল আওয়াল কুচকাওয়াজে সালাম নেন। সেখানে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন। এ ছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ফারহাত আহমেদ, পৌর মেয়র মির্জা ফয়সাল আমিন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মু. সাদেক কুরাইশী প্রমুখ। বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।
কুড়িগ্রামে স্বাধীনতার বিজয়স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। পরে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে কুড়িগ্রাম স্টেডিয়ামে কুচকাওয়াজ ও শারীরিক কসরত অনুষ্ঠিত হয়। বিকেলে প্রীতি ফুটবল, হাডুডুসহ বিভিন্ন খেলাধুলা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় স্বাধীনতার বিজয়স্তম্ভে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
এ ছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে ২০ জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেওয়া হয়।
দিনাজপুরে রাত ১২টা ১ মিনিটে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা করা হয়। সকালে জাতীয় সংসদের হুইপ ও সদর আসনের সাংসদ দিনাজপুর কালেক্টরেট প্রাঙ্গণে মুক্তিযোদ্ধাদের শহীদ বেদি ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর জেলা প্রশাসক মীর খায়রুল আলম, পুলিশ সুপার হামিদুল আলম, জেলা বিএনপি, জাসদ (ইনু), প্রেসক্লাব, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে জেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে জেলা প্রশাসক ও পুলিশ সুপার সালাম গ্রহণ করেন। সন্ধ্যায় দিনাজপুর জিলা স্কুল মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
নীলফামারীতে ভোর ৫টা ৫৭ মিনিটে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা ঘটে। এরপর শহরের চৌরঙ্গী মোড়ে স্বাধীনতা স্মৃতি অম্লান চত্বরে পুষ্পমাল্য অর্পণ করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। পরে সেখানে শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। সকালে নীলফামারী সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে পুলিশ, আনসার-ভিডিপিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কুচকাওয়াজ পরিদর্শন করেন জেলা প্রশাসক জাকীর হোসেন। বিকেলে অনুষ্ঠিত হয় প্রীতি ফুটবল, ক্রিকেট ম্যাচ ও লাঠিখেলা। সন্ধ্যায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সভা হয়।
পঞ্চগড়ে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়। সকাল নয়টায় সিরাজুল ইসলাম স্টেডিয়ামে জেলা প্রশাসক অমল কৃষ্ণ মণ্ডল ও পুলিশ সুপার গিয়াসউদ্দিন আহমদ সালাম গ্রহণ করেন। সন্ধ্যায় সরকারি মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
দিবসটি উপলক্ষে পঞ্চগড় পৌর পরিষদ গতকাল দুপুরে পৌরসভা চত্বরে পৌরসভা ও সদর উপজেলার মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়। পৌর মেয়র তৌহিদুল ইসলামের সভাপতিত্বে এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পঞ্চগড়-২ আসনের সাংসদ ও পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম।
নীলফামারীর সৈয়দপুরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। সকালে সৈয়দপুর স্টোডিয়াম মাঠে সমাবেশ ও কুচকাওয়াজ হয়। কুচকাওয়াজে সালাম নেন উপজেলা প্যানেল চেয়ারম্যান আজমল হোসেন, ইউএনও আবু ছালেহ মো. মুসা জঙ্গী, থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত কর্মকর্তা) আমিরুল ইসলাম। দিবসটি উপলক্ষে হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৩১ বার তোপধ্বনি, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, পাবলিক ক্লাব মাঠে জাতীয় পতাকা উত্তোলন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষে কুচকাওয়াজ ও ক্রীড়ানুষ্ঠান হয়। বেলা ১১টায় যুদ্ধাহতসহ মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।
পীরগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও ইফতেখারুল ইসলাম। প্রধান ও বিশেষ অতিথির বক্তব্য দেন ঠাকুরগাঁও-৩ আসনের সাংসদ ইয়াসীন আলী, সাবেক সাংসদ ইমদাদুল হক, আওয়ামী লীগের সভাপতি ইকরামুল হক, মুক্তিযোদ্ধা কমান্ডার ইব্রাহিম খান প্রমুখ।