লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেছেন, শুধু পুলিশ দিয়ে সন্ত্রাসবাদ দূর করা সম্ভব নয়। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদমুক্ত সমাজ প্রতিষ্ঠায় গণমুখী সাহিত্য ও সংস্কৃতির চর্চা করতে হবে। জঙ্গিবাদ, অসাম্প্রদায়িকতা ও সন্ত্রাসবাদমুক্ত রাষ্ট্র গড়তে সংস্কৃতিচর্চার ভূমিকা অপরিসীম।
মানিকগঞ্জে প্রগতি লেখক সংঘের জেলা সম্মেলনে গতকাল শুক্রবার সৈয়দ আবুল মকসুদ এসব কথা বলেন। জেলা শহরের আফরোজা-রমজান বালিকা উচ্চবিদ্যালয়ের প্রাঙ্গণে সংগঠনের সম্মেলন অনুষ্ঠিত হয়।
গতকাল বেলা ১১টার দিকে অনুষ্ঠানস্থলে অতিথিদের নিয়ে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করেন সৈয়দ আবুল মকসুদ। এরপর জেলা শহরের শহীদ রফিক সড়কে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি মানিকগঞ্জ প্রেসক্লাব হয়ে ফের অনুষ্ঠানস্থলে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা হয়। এতে সংগঠনের জেলা শাখার আহ্বায়ক শ্যামল কুমার সরকারের সভাপতিত্বে বক্তব্য দেন প্রগতি লেখক সংঘের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কবি সাখাওয়াত টিপু, ঢাকা লালমাটিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আকমল হোসেন, স্থানীয় খাবাসপুর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আজহারুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আবুল মকসুদ বলেন, লেখকের কাজ শুধু নিজে ভালো লেখা নয়, সুন্দর সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশ তৈরির জন্যও কাজ করা। বাঙালির স্বাধীনতা আন্দোলনে লেখক সমাজের ভূমিকা স্মরণীয়। একাত্তরে মহান মুক্তিযুদ্ধে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে অনেক কবি, লেখক ও সাহিত্যিক অংশগ্রহণ করেন। পাকিস্তানি সামরিক জান্তার বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তাঁদের কেউ কেউ শহীদও হয়েছেন।
আলোচনা পর্ব শেষে প্রগতি লেখক সংঘের ৩১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়। এতে শ্যামল কুমার সরকারকে সভাপতি এবং নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।