জঙ্গিবাদী কর্মকাণ্ড বরদাশত করব না: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গতকাল তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের বিদায়ী হাইকমিশনার রবার্ট গিবসন l ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গতকাল তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের বিদায়ী হাইকমিশনার রবার্ট গিবসন l ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

বাংলাদেশের মাটিতে জঙ্গিবাদী কর্মকাণ্ড বরদাশত না করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের বিদায়ী হাইকমিশনার পঙ্কজ সরন গতকাল বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে এ কথা বলেন তিনি। একই দিন যুক্তরাজ্যের বিদায়ী হাইকমিশনার রবার্ট গিবসনও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। খবর বাসসের।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৃথক এ দুটি বৈঠক হয়। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।
পঙ্কজ সরনের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা এ অঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ চাই। বিচ্ছিন্নতাবাদী ও জঙ্গিবাদী তৎপরতার জন্য বাংলাদেশের মাটি ব্যবহার করতে দেওয়া হবে না।’ দেশের উন্নয়নে প্রতিবেশী দেশগুলোর আরও সহযোগিতা এবং সম্পর্ক জোরদারে দেশগুলোর মধ্যে আনুষ্ঠানিক সফরের পাশাপাশি অনানুষ্ঠানিক সফরের ওপর গুরুত্বারোপ করেন তিনি। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের জনগণ ও সরকারের অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
সাফল্যের সঙ্গে দায়িত্ব পালনের জন্য ভারতের হাইকমিশনারকে ধন্যবাদ জানিয়ে শেখ হাসিনা বলেন, ঢাকায় তাঁর কার্যকালে দুই দেশের মধ্যে সম্পর্ক নতুন মাত্রায় পৌঁছেছে। নিরাপত্তা, যোগাযোগ, বিদ্যুৎ, ব্যবসা-বাণিজ্য, সাংস্কৃতিক বিনিময়সহ সব খাতে সহযোগিতা ব্যাপকভাবে বিকশিত হয়েছে।
পঙ্কজ সরন ২০১০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের কথা উল্লেখ করে বলেন, এ সফরে দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন মাত্রা সংযোজনের পাশাপাশি ব্যাপক সাফল্য অর্জিত হয়েছে। বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে ভারত গুরুত্ব দেয় জানিয়ে তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বের সুবাদে দ্বিপক্ষীয় সহযোগিতার ক্ষেত্রে এ অর্জন সম্ভব হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ভারতের জনগণ শেখ হাসিনার গুণমুগ্ধ।

গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের বিদায়ী হাইকমিশনার পঙ্কজ সরন। এ সময় শেখ হাসিনা তাঁর লেখা কালেকটিভ ওয়ার্ক ভলিউম-১ বইটি হাইকমিশনারকে উপহার দেন l ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের বিদায়ী হাইকমিশনার পঙ্কজ সরন। এ সময় শেখ হাসিনা তাঁর লেখা কালেকটিভ ওয়ার্ক ভলিউম-১ বইটি হাইকমিশনারকে উপহার দেন l ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

দুই দেশের সম্পর্ককে গতিশীল ও ব্যাপক অভিহিত করে পঙ্কজ সরন বলেন, ‘এতে কোনো সমস্যা দেখা দিলে তা আমরা আলোচনার মাধ্যমে সমাধান করব।’ তিনি আরও বলেন, ভারত ও বাংলাদেশ এখন জঙ্গিবাদ মোকাবিলায় একসঙ্গে কাজ করছে এবং তা নির্মূল না হওয়া পর্যন্ত এ কর্মকাণ্ড অব্যাহত থাকবে।
পঙ্কজ সরন ২০১২ সালে ঢাকায় ভারতীয় হাইকমিশনারের দায়িত্ব পান। তিনি পরবর্তী সময়ে একই দায়িত্বে রাশিয়ায় নিয়োগ পেয়েছেন। বাংলাদেশে তাঁর স্থলাভিষিক্ত হবেন বর্তমানে থাইল্যান্ডে ভারতের রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রীংলা।
‘যুক্তরাজ্য বাংলাদেশের সময়ের পরীক্ষিত বন্ধু’: ব্রিটিশ বিদায়ী হাইকমিশনার রবার্ট গিবসন গতকাল সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দৃঢ় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান এবং তারা গণতন্ত্র ও স্বাধীনতার অভিন্ন মূল্যবোধ ধারণ করে। তিনি বলেন, ‘যুক্তরাজ্য বাংলাদেশের সময়ের পরীক্ষিত বন্ধু হওয়ায় লন্ডনের সঙ্গে সম্পর্ককে ঢাকা অত্যন্ত গুরুত্ব দেয়।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধে ব্রিটিশ জনগণ ও রাজনৈতিক নেতাদের অবিচল সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে তাঁর সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করেন। সরকারের বিভিন্ন জনমুখী কার্যক্রম তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বেসরকারি খাত আরও বিকাশের জন্য তাঁর সরকার সব সুযোগ-সুবিধা উন্মুক্ত করেছে।
ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে তাঁর দায়িত্বকালে সমর্থন ও সহযোগিতা প্রদানের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।