তথ্য ও সংস্কৃতিমন্ত্রী হাসানুল হক ইনু বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার বিরুদ্ধে জঙ্গিবাদে মদদ দেওয়ার অভিযোগ এনে তাঁকে জঙ্গিবাদীদের ত্যাগ করতে অথবা রাজনীতি থেকে বিদায় নেওয়ার প্রস্তুতি নিতে বলেছেন।
আজ শুক্রবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক মতবিনিময় সভায় ইনু খালেদা জিয়ার উদ্দেশে বলেন, ‘হয় জঙ্গিবাদীদের ত্যাগ করুন, আর নইলে জঙ্গিবাদী, যুদ্ধাপরাধীদেরকে পৃষ্ঠপোষকতা অব্যাহত রাখার জন্য রাজনীতি থেকে বিদায়ের প্রস্তুতি নিন।’
‘শারি’ নামের একটি অরাজনৈতিক সংগঠনের আয়োজনে ‘নির্বাচন: সংখ্যালঘুদের নিরাপত্তা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এ কথা বলেন।
খালেদা জিয়াকে জঙ্গিবাদের প্রধান পৃষ্ঠপোষক আখ্যায়িত করে তথ্যমন্ত্রী বলেন, দেশের স্বার্থে খালেদা জিয়ার রাজনৈতিক অবস্থান সুস্পষ্ট করা উচিত। তিনি বলেন, ‘জঙ্গিবাদীদের সঙ্গে সংযোগ, মদদদান অব্যাহত রেখে বেগম জিয়া বাংলাদেশকে জ্বালাও-পোড়াও ধ্বংসের মাধ্যমে কোন অবস্থায় নিয়ে যেতে চাচ্ছেন, তা দেশবাসী জানতে চায়।’
গণতন্ত্রকে বাঁচানোর স্বার্থে অসাম্প্রদায়িক চেতনায় প্রতিষ্ঠিত মুক্তিযুদ্ধের বাংলাদেশে জামায়াত-শিবিরের অব্যাহত সন্ত্রাস-চোরাগোপ্তা হামলাসহ নৃশংস নৈরাজ্যের বিরুদ্ধে ইনু দেশবাসীকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
ইনু বলেন, ‘৭৫-পরবর্তী সময় থেকে ভোটের রাজনীতিকে কেন্দ্র করে মৌলবাদী-সাম্প্রদায়িক গোষ্ঠীকে তোষণের যে সংস্কৃতি গড়ে উঠেছে বারবারই তার শিকারে পরিণত হয়েছে ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠী, যা থেকে দেশবাসীর আজও মুক্তি মেলেনি।’ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে একাত্তরের পরাজিত শক্তির উত্থান ঘটে। তারা আজ সরকার ও জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার ঔদ্ধত্য দেখাচ্ছে।
তথ্যমন্ত্রী বলেন, সাম্প্রদাায়িক শক্তি পশুতুল্য। তারা আবার দেশের ধর্মীয় সংখ্যালঘুদের টার্গেট করছে। গণতন্ত্র ও সাম্প্রদায়িকতা একসঙ্গে চলতে পারে না মন্তব্য করে তিনি বলেন, গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে চাইলে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতাকে বর্জন, দমন ও ধ্বংস করতে হবে।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব রণজিত্ কুমার বিশ্বাস, সাংবাদিক আবেদ খান, নাট্যজন মামুনুর রশিদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এবং যুদ্ধাপরাধ বিচার ট্রাইব্যুনালের প্রসিকিউটর রানা দাসগুপ্ত, বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও প্রমুখ।
মতবিনিময় সভায় দেশের ধর্মীয় সংখ্যালঘুদের বর্তমান প্রেক্ষাপট উল্লেখ করে অর্থনীতিবিদ আবুল বারকাতের প্রবন্ধের মাধ্যমে আলোচনার সূত্রপাত করা হয়।
এ ছাড়া সাংবাদিক আবেদ খান দেশের সাতক্ষীরা অঞ্চল সফরের অভিজ্ঞতায় সেখানে মৌলবাদীদের সহিংসতা ও স্থানীয় আওয়ামী লীগ ও ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা ও নৃশংসতার চিত্র তুলে ধরেন।
সাতক্ষীরায় হামলার শিকার সুষমা রানী সাহা এবং দিনাজপুর শহরের শেখুপুরা ইউনিয়নের হরিদাস চন্দ্র রায় সভায় তাঁদের ওপর নির্যাতনের চিত্র তুলে ধরেন।