জঙ্গিবাদীদের ধরিয়ে দেওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
যারা ধর্মের নামে সন্ত্রাস করে বা জঙ্গিবাদী কর্মকাণ্ডে জড়িত, তাদের পুলিশে ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম; হত্যা বা জঙ্গিবাদের ধর্ম নয়। এই দাওয়াত মানুষের কাছে আলেম-ওলামাদের পৌঁছে দিতে হবে।
গতকাল রোববার বিকেলে লক্ষ্মীপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। জেলা কমিউনিটি পুলিশ ও জেলা ইমাম সমিতি আয়োজন করে এই সমাবেশের। এতে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফুল ইসলাম।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী, সাংসদ এ কে এম শাহজাহান কামাল, মোহাম্মদ আবদুল্লাহ, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. সফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি মিয়া গোলাম ফারুক, সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহের ও মাওলানা হারুন আল মাদানী।
বাংলাদেশকে যাতে সবার জন্য সুন্দর দেশ হিসেবে তৈরি করা যায়, সে ব্যাপারে আলেম-ওলামাদের সহযোগিতা কামনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।