জঙ্গিবাদীদের বাংলাদেশের মাটি ব্যবহার করতে দেওয়া হবে না

এ অঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও বলেছেন, বিচ্ছিন্নতাবাদী ও জঙ্গিবাদী তৎপরতার জন্য বাংলাদেশের মাটি ব্যবহার করতে দেওয়া হবে না।’
ভারতের বিদায়ী হাইকমিশনার পঙ্কজ সরণ আজ বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে এ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন শেখ হাসিনা।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। খবর বাসসের।
দেশের উন্নয়নে প্রতিবেশী দেশগুলোর সহযোগিতা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা জনগণের কল্যাণে কাজ করছি। এ জন্য প্রতিবেশীদের কাছ থেকে আমাদের আরও সমর্থন ও সহযোগিতা প্রয়োজন।’ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের ক্ষেত্রে পরস্পরের মধ্যে আনুষ্ঠানিক সফরের পাশাপাশি অনানুষ্ঠানিক সফরের ওপর গুরুত্বারোপ করে শেখ হাসিনা বলেন, যেকোনো দেশের উন্নয়নে প্রতিবেশীদের সহযোগিতা আবশ্যক।
স্থল সীমান্ত চুক্তি নিয়ে আলোচনাকালে শেখ হাসিনা বলেন, এই ঐতিহাসিক চুক্তি অনুসমর্থনে ভারতের পার্লামেন্টের উভয় কক্ষ লোকসভা ও রাজ্যসভার সব সদস্যকে প্রথমবারের মতো এক ও অভিন্ন অবস্থানে দেখা গেছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের জনগণ ও সরকারের অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, সে সময় ভারত কেবল সমর্থনই দেয়নি, বিপুলসংখ্যক মানুষের আশ্রয় ও খাদ্যের সংস্থানও করেছে।
বাংলাদেশে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালনের জন্য ভারতের হাইকমিশনারকে ধন্যবাদ জানিয়ে শেখ হাসিনা বলেন, ঢাকায় তাঁর কার্যকালে দু’দেশের মধ্যকার সম্পর্ক নতুন মাত্রায় পৌঁছেছে। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী ঢাকা ও দিল্লির মধ্যকার সম্পর্ক অধিকতর সুসংহত করতে বিদায়ী হাইকমিশনারের ব্যাপক অবদান ও সহায়ক ভূমিকার প্রশংসা করেন।
তিনি বলেন, বিদায়ী হাইকমিশনারের কার্যকালে নিরাপত্তা, যোগাযোগ, বিদ্যুৎ, ব্যবসা-বাণিজ্য, সাংস্কৃতিক বিনিময় এবং দুই দেশের জনগণের পারস্পরিক সম্পর্কসহ সব খাতে সহযোগিতা ব্যাপকভাবে বিকশিত হয়েছে।
পঙ্কজ সরণ ২০১০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের কথা উল্লেখ করে বলেন, ওই সফরে দ্বিপক্ষীয় সম্পর্কে নব অধ্যায়ের উন্মোচন এবং নতুন মাত্রা সংযোজনের পাশাপাশি ব্যাপক সাফল্য অর্জিত হয়েছে।
বাংলাদেশের সঙ্গে ভারত তার সম্পর্ককে গুরুত্ব দেয় - এ কথা উল্লেখ করে হাইকমিশনার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের সুবাদে দ্বিপক্ষীয় সহযোগিতার ক্ষেত্রে এ অর্জন সম্ভব হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ভারতের জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুণমুগ্ধ। দুই দেশের এ সম্পর্ককে গতিশীল ও ব্যাপক অভিহিত করে পঙ্কজ সরণ বলেন, এতে কোনো সমস্যা দেখা দিলে তা আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।
তিনি আরও বলেন, ভারত ও বাংলাদেশ এখন জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মোকাবিলায় একসঙ্গে কাজ করছে। সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ নির্মূল না হওয়া পর্যন্ত এ কর্মকাণ্ড অব্যাহত থাকবে। বাংলাদেশের আর্থসামাজিক অগ্রগতি বিশেষ করে বিগত ৬ বছর থেকে ৬ শতাংশের ওপর জিডিপি প্রবৃদ্ধির ভূয়সী প্রশংসা করেন বিদায়ী হাইকমিশনার।
বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা প্রদান সম্পর্কে তিনি বলেন, চলতি বছর ইতিমধ্যে সাড়ে ৬ লাখ ভিসা দেওয়া হয়েছে এবং আগামী বছর তা ৭ লাখে উন্নীত হবে।
অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ বৈঠকে উপস্থিত ছিলেন।
পঙ্কজ সরণ ২০১২ সালে ভারতের হাইকমিশনারের দায়িত্ব নিয়ে ঢাকায় আসেন। বর্তমানে তিনি একই দায়িত্বে রাশিয়ায় নিয়োগ পেয়েছেন। বাংলাদেশে তাঁর স্থলাভিষিক্ত হবেন বর্তমানে থাইল্যান্ডে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত হর্ষ বর্ধন শ্রীংলা।