জঙ্গিবাদীরা বেহেশতের গন্ধও পাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আজ শনিবার সকালে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে দেশের এক লাখ আলেমের সই করা ৩২ পৃষ্ঠার ফতোয়া প্রকাশ করেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ফরীদ উদ্দীন মাসউদ। ছবি: ফোকাস বাংলা
রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আজ শনিবার সকালে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে দেশের এক লাখ আলেমের সই করা ৩২ পৃষ্ঠার ফতোয়া প্রকাশ করেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ফরীদ উদ্দীন মাসউদ। ছবি: ফোকাস বাংলা

সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে দেশের এক লাখ আলেম, মুফতি ও ইমামের সই করা ৩২ পৃষ্ঠার ফতোয়া প্রকাশ করেছে বাংলাদেশ জমিয়তুল উলামা নামের একটি সংগঠন।
সংগঠনটির দাবি, পবিত্র কোরআন ও হাদিসের আলোকে প্রকাশ করা হয়েছে ওই ফতোয়া। ফতোয়ার সারসংক্ষেপে বলা হয়েছে, যারা ইসলামের নামে জঙ্গিবাদের পক্ষে দাঁড়িয়েছে, তারা বেহেশত তো দূরে থাক, বেহেশতের গন্ধও পাবে না। কারণ, ইসলামে কোনো বৃদ্ধ, নারী, শিশু, ধর্মীয় গুরু এবং অমুসলিম, অর্থাৎ, যারা যুদ্ধের আওতায় নয়, তাদের হত্যা নিষিদ্ধ। ইসলামে আত্মঘাতী হামলা বৈধ নয়। কারণ, আত্মঘাতীর জানাজা পড়াও ইসলামে বৈধ নয়।
আজ শনিবার সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ ফতোয়া প্রকাশ করেন বাংলাদেশ জমিয়তুল উলামা চেয়ারম্যান ও দেশের বৃহত্তর ঈদগাহ শোলাকিয়া ঈদগাহের খতিব ফরীদ উদ্দীন মাসউদ।
ফরীদ উদ্দীন মাসউদ বলেন, গত ৩ জানুয়ারি থেকে আলেমদের স্বাক্ষর অভিযান শুরু হয়। গত ৩১ মে শেষ হয়। গত ১৭ ডিসেম্বর আইজিপি এ কে এম শহীদুল হকের সভাপতিত্বে পুলিশ সদর দপ্তরে ধর্মীয় নেতাদের একটি সভা হয়। ওই সভায় এ স্বাক্ষর গ্রহণের প্রস্তাব তুলে ধরার পর তা সভায় সর্বসম্মতভাবে গ্রহণ করা হয়। এরপর এ বিষয়ে ১১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। তারা সারা দেশের আলেমদের কাছ থেকে স্বাক্ষর সংগ্রহ করে।
সংবাদ সম্মেলনে খতিব বলেন, ‘ফতোয়ায় কি সন্ত্রাস ও জঙ্গিবাদ ঠেকানো যাবে? এ প্রশ্ন উঠতে পারে। আমরা দৃঢ়কণ্ঠে বলতে চাই, অস্ত্রের চেয়ে ফতোয়ার শক্তি অনেক ধারালো। মনঃ চেতনা মানবকর্মের মূল উৎস। সঠিক ফতোয়া সেই মনঃ চেতনাকে শুদ্ধ করে আলোড়িত করে।’

স্বাক্ষর অভিযান সংগ্রহে নামতে গিয়ে তিন শ্রেণি থেকে বাধাগ্রস্ত হয়েছেন বলে দাবি করেছেন ফরীদ উদ্দীন মাসউদ। বাধাদানকারীরা হচ্ছে জামায়াত-শিবির ও জঙ্গিবাদী গোষ্ঠী, জঙ্গি হামলার শিকার হওয়ার আতঙ্কে দস্তখত না করা এক শ্রেণি ও আরেকটি হচ্ছে হিংসুক শ্রেণি। এ ছাড়া অনেক স্থানে বিরূপ সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাঁদের।
কিন্তু মানবকল্যাণ ও শান্তির জন্য এ ফতোয়া প্রচারে দেশি ও আন্তর্জাতিক গণমাধ্যম, সরকার ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
এক প্রশ্নের জবাবে ফরীদ উদ্দীন মাসউদ বলেন, ‘আমাদের দেশে কত আলেম আছে, তার সঠিক পরিসংখ্যান আমাদের জানা নেই। তারপরও ধারণা করা হয়, ১৫ হাজার কওমি মাদ্রাসা, পাঁচ হাজার আলিয়া মাদ্রাসা, এক লাখ মসজিদের ইমামসহ পাঁচ লাখের মতো আলেম থাকতে পারে। তাঁদের মধ্যে থেকে প্রসিদ্ধ আলেমদের কাছ থেকে এই স্বাক্ষর সংগ্রহ করা হয়েছে।’
ফরীদ উদ্দীন মাসউদ দাবি করেন, জঙ্গিবাদী ছাড়া বাকি সব আলেমের প্রতিনিধিত্ব করছে জমিয়তুল উলামা। ফতোয়া কার্যকরের কোনো ব্যবস্থা আছে কি না, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ফতোয়া হচ্ছে এ-সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতামত। তাঁরা এটা কার্যকর করার অধিকার রাখেন না। তাঁরা কেবল বার্তাবাহক। বাংলাদেশের মুসলিম-সমাজে ফতোয়ার গুরুত্ব অপরিসীম। এটা জঙ্গিবাদীদের ওপর একটি নৈতিক চাপ তৈরি করবে। তাদের মানসিক শক্তি ভেঙে পড়বে।
ফরীদ উদ্দীন মাসউদ বলেন, ‘জঙ্গিবাদীদের মনোবৈকল্য দূর করা ফতোয়া প্রকাশের উদ্দেশ্য। সন্ত্রাস ও জিহাদ যে এক জিনিস নয়, তা পবিত্র কোরআন, হাদিসের আলোকে যুক্তি দিয়ে তুলে ধরার উদ্দেশ্য ফতোয়া দেওয়া হয়েছে। এখন আমাদের কর্তব্য হলো এসব দেখেশুনেও বোবা হয়ে শয়তানের মতো দাঁড়িয়ে না থাকা। জঙ্গিবাদী প্রতিরোধে পারলে হাতে, নইলে মুখে, আর একেবারে না পারলে অন্তর থেকে ঘৃণা করা।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্বাক্ষর সংগ্রহ কমিটির সদস্য মাওলানা দেলওয়ার হোসেন সাইফী, মাওলানা আবদুর রহিম কাশেমী প্রমুখ।