সিঙ্গাপুরে গ্রেপ্তার হওয়া ছয় বাংলাদেশিকে জঙ্গিবাদে উদ্বুদ্ধ করেছিলেন আরও দুই বাংলাদেশি। এ মুহূর্তে তাঁরা দেশেই অবস্থান করছেন। বাংলাদেশে পুলিশের গোয়েন্দা বিভাগ ওই দুই ব্যক্তিকে খুঁজছে। গতকাল শনিবার সিঙ্গাপুরের স্বরাষ্ট্র ও আইনমন্ত্রী কে. সম্মুগামকে উদ্ধৃত করে এ তথ্য প্রকাশ করেছে সিঙ্গাপুরের ইংরেজি দৈনিক স্ট্রেটস টাইমস।
এর আগে গত শুক্রবার জঙ্গি কাজে অর্থায়নের জন্য ছয় বাংলাদেশিকে সিঙ্গাপুরের আদালতে হাজির করা হয়। তাঁরা হলেন মিজানুর রহমান (৩১), লিয়াকত আলী মামুন (২৯), রুবেল মিয়া (২৬), দৌলতুজ্জামান (৩৪), মো. জাবেদ কায়সার হাজি নুরুল ইসলাম সওদাগর (৩০) ও ইসমাইল হাওলাদার সোহেল (২৯)। লিয়াকত ছাড়া অন্যরা আদালতে দোষ স্বীকার করেছেন।
অভ্যন্তরীণ নিরাপত্তা আইনে গ্রেপ্তার হওয়া বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ৫ লাখ ডলার জরিমানা বা ১০ বছর পর্যন্ত জেল বা উভয় দণ্ডই হতে পারে। লিয়াকতকে আগামী ৯ জুন আবারও জিজ্ঞাসাবাদ করার কথা রয়েছে।
এদিকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) ওই ছয় বাংলাদেশির ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য জানায়নি। তবে গোয়েন্দা বিভাগের উপকমিশনার মাশরুকুর রহমান প্রথম আলোকে বলেন, এর আগে গত ডিসেম্বরে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে ২৭ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়। জিজ্ঞাসাবাদে তাঁরাও জানিয়েছেন, বাংলাদেশ থেকে দুই ব্যক্তি নিয়মিত সিঙ্গাপুরে যাতায়াত করতেন এবং তাঁরাই প্রবাসী বাংলাদেশিদের জঙ্গিবাদে উদ্বুদ্ধ করেছেন। ওই দুই ব্যক্তি নিজেদের বিভিন্ন নামে পরিচয় দিয়েছেন। প্রায় ছয় মাস ধরে চেষ্টা চালিয়েও পুলিশ তাঁদের খুঁজে পায়নি।
চলতি বছরের মার্চ-এপ্রিলে অভ্যন্তরীণ নিরাপত্তা আইনে গ্রেপ্তার ১১ জনের মধ্যে পাঁচজনকে বাংলাদেশে ফেরত পাঠায় সিঙ্গাপুর। তাঁরা হলেন ইভান গালিব হাসান চৌধুরী, রানা মাসুদ, পাইলট মো. রানা মিয়া, তানজিমুল ইসলাম ও মো. আলমগীর। ডিবির তদন্তকারী কর্মকর্তারা বলছেন, ওই পাঁচজনও সিঙ্গাপুরে গ্রেপ্তার ছয় বাংলাদেশির জঙ্গিবাদে জড়িয়ে পড়া সম্পর্কে তথ্য দিচ্ছেন।
সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বাংলাদেশে ফেরত পাঠানো পাঁচ শ্রমিক জঙ্গিবাদী ভাবধারায় উদ্বুদ্ধ হলেও হামলা চালানো বা সক্রিয় কোনো জঙ্গিবাদী কর্মকাণ্ডে যুক্ত থাকার প্রমাণ মেলেনি।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা কে কত টাকা জঙ্গিবাদী কার্যক্রমে ব্যয় করেছেন, সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল সে তথ্যও প্রকাশ করেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ৩ থেকে ১০ বছর ধরে সিঙ্গাপুরে আছেন। দেশটির সরকার বলছে, দলটির প্রধান ছিলেন মিজানুর রহমান। ২০০৭ সাল থেকে বাংলাদেশ থেকে মিজানুর নিয়মিত সিঙ্গাপুরে গেছেন ও নির্মাণশিল্পে ড্রাফটসম্যানের কাজ করেছেন। গত বছরের ডিসেম্বরে বাংলাদেশ থেকে ফিরে গিয়ে তিনি সহকর্মীদের উদ্বুদ্ধ করতে শুরু করেন। সিঙ্গাপুরের বুন লে পার্ক ও উডল্যান্ড ওয়াটার ফ্রন্ট পার্কে প্রায়ই তিনি বাংলাদেশি শ্রমিকদের সঙ্গে আলাপ-আলোচনায় বসতেন। প্রাথমিকভাবে তাঁদের উদ্দেশ্য ছিল আইএসে বিদেশি যোদ্ধা হিসেবে যোগ দেওয়া। পরে তাঁরা লক্ষ্য পরিবর্তন করে ফেলেন। আগ্নেয়াস্ত্র কেনা ও বাংলাদেশের সরকার ও সেনাবাহিনীসহ সুনির্দিষ্ট কিছু লক্ষ্যবস্তুতে হামলা চালাতে তাঁরা অর্থ সংগ্রহ ও সংগঠিত হওয়ার চেষ্টা করছিলেন। সিঙ্গাপুরের পুলিশ জানিয়েছে, এই ছয়জন ৬০ থেকে ৫০০ ডলার পর্যন্ত জঙ্গিবাদী কাজে ব্যয় করেছেন।
এদিকে সিঙ্গাপুরের স্ট্রেটস টাইমস আলাদা এক প্রতিবেদনে জানিয়েছে, সিঙ্গাপুরে বাংলাদেশ দূতাবাস দেশটির প্রবাসী বাংলাদেশিদের কেউ জঙ্গিবাদে জড়িয়ে পড়ছে কি না, তা জানানোর অনুরোধ করেছে। সিঙ্গাপুরের স্বরাষ্ট্র ও আইনমন্ত্রী বলেছেন, সিঙ্গাপুরে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের সিংহভাগ কর্মঠ ও সৎ। দেশটির উন্নয়নে তাঁদের ভূমিকা অনস্বীকার্য।