জঙ্গিবাদের অর্থদাতাদের তালিকা করার নির্দেশ
জঙ্গিবাদে যাঁরা অর্থায়ন করেন, তাঁদের তালিকা করে দ্রুত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিতে গোয়েন্দাদের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ইসলামী ব্যাংকসহ অন্যান্য সংস্থা ও প্রতিষ্ঠানের কর্মকাণ্ডে নজরদারি বাড়ানোর কথা বলা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে জঙ্গিবাদের অর্থের উৎস অনুসন্ধানে গঠিত টাস্কফোর্সের সভায় এ নির্দেশ দেওয়া হয়।
সভা শেষে বৈঠক বিষয়ে টাস্কফোর্সের প্রধান শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, বাংলাদেশে জঙ্গি সংগঠনগুলোকে যাঁরা অর্থ দিয়ে থাকেন, তাঁরাই বর্তমানে চলমান নাশকতায় টাকা জোগাচ্ছেন। শিল্পমন্ত্রী বলেন, হরতাল-অবরোধের মধ্যে গাড়িতে অগ্নিসংযোগ, পেট্রলবোমা নিক্ষেপ ও হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মানুষ হত্যার জন্য টাকা দেওয়া হচ্ছে। জঙ্গি অর্থায়ন রোধে গঠিত টাস্কফোর্স ওই অর্থদাতাদের খুঁজে বের করতে কাজ করছে বলেও জানান তিনি।
টাস্কফোর্স এরই মধ্যে অনেক দূর এগিয়েছে জানিয়ে শিল্পমন্ত্রী বলেন, বর্তমানে আন্দোলনের নামে পেট্রলবোমা মেরে মানুষ হত্যা আর জঙ্গিবাদের পেছনে অর্থায়নের উৎস একই।
বৈঠক সূত্রে জানা গেছে, বৈঠকে জঙ্গিবাদ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। গোয়েন্দা সদস্যরা জানান, তাঁদের কাছে অর্থদাতাদের তথ্য রয়েছে।
সভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ছাড়াও পুলিশ, র্যাব ও বিজিবির প্রধান উপস্থিত ছিলেন।