জঙ্গিবাদের অর্থায়ন বন্ধ করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে সমাবেশে বক্তারা বলেন, জঙ্গিবাদের অর্থায়নকারীদের খুঁজে বের করা হবে। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং জঙ্গিবাদের অর্থায়ন বন্ধ করতে হবে

সারা দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে গতকাল শনিবার বিভিন্ন স্থানে সভা, সমাবেশ ও মানববন্ধন হয়েছে। বরিশালে সমাবেশে বক্তারা বলেন, জঙ্গিবাদের অর্থায়নকারীদের খুঁজে বের করা হবে। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং জঙ্গিবাদের অর্থায়ন বন্ধ করতে হবে।

প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:

বরিশাল: ‘জঙ্গিবাদ, সন্ত্রাস প্রতিহত করো, সর্বস্তরের জনগণের ঐক্য গড়ে তোলো’ শিরোনামে বেলা সাড়ে ১১টার দিকে নগরের অশ্বিনীকুমার হল চত্বরে সমাবেশ হয়। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জেলা শাখা এর আয়োজন করে। সমাবেশে ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি নজরুল হক সভাপতিত্ব করেন।

সমাবেশে বক্তারা বলেন, দেশে জঙ্গি তৎপরতার উত্থানের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে একটি গোষ্ঠী। তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে। যারা মুক্তিযুদ্ধ ও স্বাধীনতায় বিশ্বাস করে না তারাই জঙ্গিবাদ উসকে দিচ্ছে। মুক্তিযুদ্ধবিরোধী শক্তি জামায়াতের কর্মকাণ্ড পরিচালনায় অর্থ জোগান দিচ্ছে বিভিন্ন ব্যাংক ও প্রতিষ্ঠান। এসব ব্যাংক ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

ঝিনাইদহ: ঢাকা-খুলনা মহাসড়কে ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী বাজার থেকে কালীগঞ্জ উপজেলার বারোবাজার পর্যন্ত ২৫ কিলোমিটার সড়কে সকাল ১০টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়। এতে শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। এ সময় মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম, কালীগঞ্জ পৌরসভার মেয়র মকছেদ আলী ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান সবাইকে শুভেচ্ছা জানান।

পটুয়াখালী: ‘আমার মাটি আমার মা, আফগানিস্তান হবে না’ স্লোগান সামনে রেখে পটুয়াখালীতে ‘জঙ্গিবাদবিরোধী সাংস্কৃতিক ঐক্য’ নামের একটি সংগঠন যাত্রা শুরু করেছে। গত শুক্রবার রাতে পটুয়াখালী শহীদ স্মৃতি পাঠাগারের মিলনায়তনে জেলা শহরের সাংস্কৃতিক সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের প্রতিনিধিদের নিয়ে সংগঠনটির যাত্রা শুরু হয়। রাতে কমরেড শাহনূরের সভাপতিত্বে পাঠাগার মিলনায়তনে সভা হয়। এতে দেশে সাম্প্রতিক সময়ের জঙ্গিবাদী তৎপরতা ও এর প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় জঙ্গিবাদ মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।

কুষ্টিয়া: মেহেরপুরে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী মানববন্ধন করেছে দুটি সংগঠন। বেলা ১১টায় ফ্রেন্ডস ফাউন্ডেশন মডেল একাডেমি প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। এতে নেতৃত্ব দেন জেলা শিক্ষা কর্মকর্তা সুভাষ চন্দ্র গুলজার। মানববন্ধনে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রীরা অংশ নেন। বেলা তিনটায় একই স্থানে আহলে হাদিস আন্দোলনের জেলা শাখা মানববন্ধন করে। সেখানে বক্তারা বলেন, ইসলামে জঙ্গিবাদের অস্তিত্ব নেই।