জঙ্গিবাদের উত্থান অগ্রযাত্রা বাধাগ্রস্ত করছে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, ‘স্বৈরশাসন ও জঙ্গিবাদের উত্থান আমাদের উন্নয়ন ও অগ্রযাত্রা বাধাগ্রস্ত করছে। এ অবস্থা থেকে দেশকে মুক্ত করতে গণতান্ত্রিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক চেতনার বিকাশ ঘটাতে হবে। শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতিতে মানবতার বিকাশ ঘটে। এ ক্ষেত্রে সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক সেবামূলক সংগঠনকেও এগিয়ে আসতে হবে।’
রাজধানীর শিল্পকলা একাডেমিতে গতকাল শনিবার বেগম জেবুন্নেসা ও কাজী মাহবুবুল্লাহ জনকল্যাণ ট্রাস্ট আয়োজিত ২৮তম মাহবুবুল্লাহ পদক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
আবদুল হামিদ বলেন, সমাজে অনেক বিত্তবান মানুষ আছেন। তাঁদের টাকার কোনো অভাব নেই। তাঁরা বিলাসবহুল জীবন যাপন করেন। দেশ ও জাতির প্রতি দায়িত্ব হিসেবে নিজ নিজ এলাকায় শিক্ষার প্রসারসহ সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে এগিয়ে আসতে এ ধরনের লোকদের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি। তিনি বলেন, ‘মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করার মাধ্যমেই প্রকৃত সুখ খুঁজে পাওয়া যায়।’
অনুষ্ঠানে অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম (সাহিত্য), রফিকুন নবী (চারুকলা), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বিজ্ঞান-কৃষি) ও সুলতানা কামালকে (আজীবন অর্জন) পদক প্রদান করা হয়।
স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, বেগম জেবুন্নেসা ও কাজী মাহবুবুল্লাহ জনকল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান জোবাইদা মাহবুব লতিফ এবং ট্রাস্টের সদস্য অধ্যাপক কাজী শহীদুল্লাহ অনুষ্ঠানে বক্তব্য দেন।