জঙ্গিবাদের কুফল পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করা হচ্ছে
জঙ্গিবাদ প্রতিরোধে এবং এ বিষয়ে সচেতনতা বাড়াতে জঙ্গিবাদের কুফল পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী বছরের পাঠ্যপুস্তকে বিষয়টি অন্তর্ভুক্ত করা হতে পারে।গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে জঙ্গিবাদ প্রতিরোধ ও প্রতিকার বিষয়ে আয়োজিত এক সভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে উদ্যোগ নিতে শিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে অনুরোধ জানানো হয়েছে। শিক্ষাসচিব এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। বৈঠক শেষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘জঙ্গিবাদ প্রতিরোধ ও প্রতিকার কার্যক্রমে আমরা বিভিন্ন মন্ত্রণালয়কে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি। এগুলোর মধ্যে আছে স্বাস্থ্য, সমাজকল্যাণ, ধর্ম ও শিক্ষা।’ তিনি আরও বলেন, তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাঠপর্যায়ে কর্মীদের মাধ্যমে জঙ্গিবাদ প্রতিরোধে সচেতনতা বাড়ানো হবে। এসব মন্ত্রণালয়ের যে কার্যক্রম আছে, তার সঙ্গে ধর্মীয় বিষয় অন্তর্ভুক্ত করার কার্যক্রমকেও বাধ্যতামূলক করা হয়েছে। এ ছাড়া সারা দেশে মসজিদগুলোতে সচেতনতামূলক কার্যক্রমের ব্যাপারে বয়ান দেওয়ার জন্য ইমামদের সহযোগিতা চাওয়া হয়েছে।