জঙ্গিবাদের কুফল সম্পর্কে মসজিদে বলা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাজে সব ধরনের অস্থিরতা, সন্ত্রাসী ও জঙ্গি কার্যকলাপের কুফল সম্পর্কে অবহিত করতে মসজিদভিত্তিক বিভিন্ন কর্মসূচি ‌বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী মতিউর রহমান।

সরকারদলীয় সাংসদ সামশুল হক চৌধুরীর করা এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, সারা দেশের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় ৫৫ হাজার ১৮০টি মসজিদের ইমামদের মাধ্যমে এবং সারা দেশের অন্য মসজিদের ইমামদের মাধ্যমে খুতবার আগের বক্তব্যে জঙ্গিবাদবিরোধী আলোচনা করা হচ্ছে। তিনি বলেন, বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে সন্ত্রাস, জঙ্গিবাদবিরোধী প্রচারের জন্য সভা–সেমিনার অনুষ্ঠিত হয়। এ ছাড়া জঙ্গিবাদবিরোধী একটি প্রকল্পের প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে জানান ধর্মমন্ত্রী।

আজ মঙ্গলবার বেলা ১০টা ৫১ মিনিটে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। এরপর প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

স্বতন্ত্র সাংসদ রুস্তম আলী ফরাজীর প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী বলেন, চলতি অর্থবছরে প্রত্যেক সাংসদের এলাকায় মসজিদ সংস্কারের জন্য দুই লাখ টাকা এবং মন্দির সংস্কারের জন্য ৪০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। একই খাতে নারী সাংসদদের এলাকায় যথাক্রমে ১ লাখ ও ২০ হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।

সরকারি দলের সানজিদা খানমের প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী জানান, ইসলামিক ফাউন্ডেশনের ২০০৮ সালের জরিপ অনুযায়ী ঢাকায় মসজিদের সংখ্যা ৫ হাজার ৭৭৬।