জঙ্গিবাদের ঠাঁই হবে না দেশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী-১ আসনের সাংসদ জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেছেন, এ দেশে সন্ত্রাস-জঙ্গিবাদের ঠাঁই হবে না। ঐক্যবদ্ধ হয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
গতকাল বুধবার সন্ত্রাস, জঙ্গিবাদ ও নৈরাজ্যের প্রতিবাদে ফেনীর পরশুরামের খন্ডল উচ্চবিদ্যালয় ও কলেজে আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার সমাবেশে সভাপতিত্ব করেন।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল করিম মজুমদার, পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাশেম চৌধুরী।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন খন্ডল উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইছমাইল হোসেন, উপজেলা জাসদের সভাপতি নজরুল ইসলাম।
সমাবেশে শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া পরশুরাম উপজেলার পরশুরাম শালধর ফাজিল মাদ্রাসাসহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন শিরীন আখতার।