জঙ্গিবাদের নামে তরুণেরা ভুল পথে যাচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
প্রথম আলো আয়োজিত ‘গুলশান-শোলাকিয়া ট্র্যাজেডি: কী ভাবছেন তরুণেরা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে উপস্থিত আলোচকেরা l ছবি: প্রথম আলো
প্রথম আলো আয়োজিত ‘গুলশান-শোলাকিয়া ট্র্যাজেডি: কী ভাবছেন তরুণেরা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে উপস্থিত আলোচকেরা l ছবি: প্রথম আলো
নৈতিকতা শিক্ষা দেওয়া, দেশপ্রেম জাগ্রত করা, সচেতনতা তৈরি, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ সম্পর্কে জানা, বই পড়ার অভ্যাস গড়ে তোলা, যথাযথ ধর্মীয় জ্ঞান, সর্বত্র সাংস্কৃতিক চর্চা এবং বন্ধুদের সময় দেওয়া। পাশাপাশি সন্তানকে বেশি করে সময় দিতে অভিভাবকদের প্রতি অনুরোধ করেন তাঁরা

কোনো ধর্মই মানুষ হত্যা অনুমোদন করে না। ইসলামের নামে যেসব তরুণ জঙ্গিবাদের দিকে যাচ্ছেন, তাঁরা ভুল পথে যাচ্ছেন। এই পথ ঠিক নয়। এর মাধ্যমে তাঁরা দেশেরও ক্ষতি করছেন।

প্রথম আলোর উদ্যোগে গতকাল বৃহস্পতিবার কারওয়ান বাজারের কার্যালয়ে ‘গুলশান-শোলাকিয়া ট্র্যাজেডি: কী ভাবছেন তরুণেরা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসার শিক্ষার্থীরা এ কথা বলেন। তাঁরা নতুন করে কেউ যেন এ পথে না যান, সে জন্য সর্বত্র সাংস্কৃতিক চর্চা, সচেতনতা তৈরি, ঐক্যবদ্ধ হওয়াসহ ১২ দফা সুপারিশ করেন। বৈঠকে ১৮ জন তরুণ বক্তব্য দেন।
অনুষ্ঠানের সঞ্চালক প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, ‘একজন তরুণ কেন নৃশংস হয়ে মানুষ হত্যা করবেন? কেন তাঁরা এই পথে যাবেন? কোনো যুক্তিতেই তো এটা হতে পারে না। সে কারণেই আমরা তরুণদের কথা শুনতে চাই।’
বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাসমিহ তাবাসসুম বলেন, যার মাথায় কিছু নেই, তাদের বিভ্রান্ত করা যায়। তিনি পারিবারিক মূল্যবোধের ওপর জোর দেন। তিনি এ-ও বলেন, তথ্যপ্রযুক্তি আর লেখাপড়ার চাপ এই প্রজন্মকে সংকটে ফেলছে কি না, সেদিকও নজর দিতে হবে।
মোহাম্মদপুরের কুমিল্লা আলিয়া মাদ্রাসার ছাত্র আবু সাঈদ জুবায়ের বলেন, কিছু লোক ইসলাম না বুঝেই তরুণদের ধর্মের নামে উসকে দিচ্ছে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী কাশফিয়া নেহরীন বলেন, ‘কারও চিন্তাধারা ঠিকমতো বিকশিত না হলে বা যথাযথ জ্ঞান না থাকলে জঙ্গিরা তাদের বিপথে চালিত করতে পারে। মুক্তিযুদ্ধের ইতিহাস, বাংলাদেশ—এসব সম্পর্কে সঠিকভাবে জানলে ওই তরুণেরা সেই পথে যেত না। কাজেই সব তরুণকে এসব সম্পর্কে জানতে হবে।’ যাত্রাবাড়ীর জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসার ছাত্র ওমর শাহ বলেন, ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে কিছু তরুণকে এ পথে নেওয়া হচ্ছে। ইসলাম কখনোই মানুষ হত্যা সমর্থন করে না।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সৈয়দ মুহিত হাসান বলেন, মাদ্রাসার ছেলেরা জঙ্গি হয়, এ ধারণা থেকে অন্যদের দিকে নজর দেওয়া হয়নি। এখন আবার বলা হচ্ছে যে নর্থ সাউথের ছেলেরা জঙ্গি। কিন্তু আসলে এভাবে কাউকে ঢালাওভাবে দায়ী করে অন্য দিক থেকে দৃষ্টি সরিয়ে নিলে ভালো ফল হবে না। বরং সবার দিকেই খেয়াল রাখতে হবে। মিরপুরের কওমি মাদ্রাসার ছাত্র ওমর ফারুক বলেন, ইসলামে বলা আছে, একজনকে হত্যা করা মানে মানবজাতিকে হত্যা করা। কাজেই ইসলামটাও বুঝতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার ছাত্রী নুবিয়া নুরাইন খান বলেন, ‘একজন দূরদৃষ্টিসম্পন্ন ছেলে বা মেয়ে কখনোই জঙ্গিবাদের দিকে যেতে পারে না। তাদের বুঝতে হবে, জঙ্গিবাদ প্রতিষ্ঠিত হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে দেশ, দেশের নারীরা। মেয়েদের লেখাপড়াই তো বন্ধ হয়ে যাবে।’ নুবিয়া বলেন, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানের উচিত মানবিক ও নিঃস্বার্থ হতে শেখানো।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্রী তজল্লি শিফা বলেন, যারা মুক্তিযুদ্ধ সম্পর্কে জানে, বাংলা সংস্কৃতি জানে, বীরশ্রেষ্ঠদের কথা জানে, ইসলাম সম্পর্কে জানে, তারা কখনোই জঙ্গি হতে পারে না। কাজেই এই জ্ঞান দিতে হবে তরুণদের।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র অনিন্দ্য সাইমুম বলেন, ‘আমাদের এক বন্ধুকে আমরা সময় দিয়ে এই পথ থেকে ফিরিয়েছি। এভাবেই বন্ধুর পাশে দাঁড়াতে হবে।’
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সানজানা জামান বলেন, ‘নানা বিষয়ে তরুণেরা হতাশ থাকে। এই হতাশাকে পুঁজি করে কাউকে জঙ্গিবাদের দিকে নেওয়া হতে পারে। একই বাড়িতে থেকে আজকাল আমরা প্রতিটি কক্ষে আলাদাভাবে থাকি। এখান থেকে বেরোতে হবে। সবাই মিলে একসঙ্গে কথা বলতে হবে।’
হ্যালো একাডেমি অনলাইন স্কুলের প্রধান সাদিয়া আহমেদ বলেন, ‘কেবল যে বাবা-মা সন্তানদের সময় দিচ্ছেন না, তা-ও ঠিক নয়। আমরাও বাবা-মায়ের কাছে যাচ্ছি না। শেয়ার করছি না। অথচ আলোচনা করলেই সমস্যার সমাধান হবে। আমার পাশের বন্ধুটা কী ভাবছে, তার কী সমস্যা, সেটিও দেখতে হবে।’
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র নুরন্নবী সোহেল বলেন, গুলশানের ঘটনার পর পোশাক খাত ক্ষতিগ্রস্ত হয়েছে সবচেয়ে বেশি। বাংলাদেশের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ। এ বিষয়গুলোও তরুণদের ভাবতে হবে।
বেসরকারি ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের ছাত্র মীর রিফাত বলেন, শিশু-কিশোরদের মানবিকতা বিকাশের পথগুলো প্রশস্ত করতে হবে। বুয়েটের ছাত্র ফারাবি মাহমুদ বলেন, জঙ্গিবাদের দিকে যাওয়া অনেক তরুণই বলছে তারা গণতন্ত্র পছন্দ করে না। আসলে সে কি জানে গণতন্ত্র কী? সে কি জানে ইসলাম কী? এগুলো জানতে হবে। পরিপূর্ণভাবে ইসলাম জানার পরামর্শ দেন ঢাকা আলিয়া মাদ্রাসার ছাত্র আবদুস সালাম।
ঢাকার সরকারি তিতুমীর কলেজের ছাত্র সৈয়দ মুনির বলেন, তরুণদের যারা বিপথে নিয়ে যাচ্ছে, তাদের খুঁজে বের করতে হবে।
ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র আনোয়ার হোসেন বলেন, ঢাকার বাড়িওয়ালারা এখন ব্যাচেলরদের বাসা ভাড়া দিতে চান না। এটা তো কোনো সমাধান নয়। ইডেন কলেজের ছাত্রী কামরুন্নাহার বলেন, ‘জঙ্গিবাদের ভয়ে ঘরে বন্দী থাকলে চলবে না। আমাদের বের হতে হবে। ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে।’
১২ দফা সুপারিশ: গোলটেবিলে উঠে আসা ১২ দফা সুপারিশ হলো নৈতিকতা শিক্ষা দেওয়া, দেশপ্রেম জাগ্রত করা, সচেতনতা তৈরি, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ সম্পর্কে জানা, বই পড়ার অভ্যাস গড়ে তোলা, যথাযথ ধর্মীয় জ্ঞান, সর্বত্র সাংস্কৃতিক চর্চা এবং বন্ধুদের সময় দেওয়া। পাশাপাশি সন্তানকে বেশি করে সময় দিতে অভিভাবকদের প্রতি অনুরোধ করেন তাঁরা। এ ছাড়া একমুখী শিক্ষার ব্যবস্থা করা এবং সঠিক নেতৃত্ব চর্চার পরামর্শ দেন তাঁরা। জঙ্গিবাদ মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান তাঁরা।