জঙ্গিবাদের পেছনে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র জড়িত: আ জ ম নাছির
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদদীন বলেছেন, জঙ্গিবাদের পেছনে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র জড়িত। এই চক্রান্তকারীদের চিহ্নিত করতে হবে। শুধু আবেগপ্রবণ বক্তব্য দিয়ে জঙ্গিবাদ নির্মূল করা যাবে না। এ জন্য সমস্যার মূলে গিয়ে এর সঙ্গে জড়িত মূল হোতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার বিকল্প নেই। তা না হলে সবাই আক্রান্ত হবে।
আজ শনিবার বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে বাংলাদেশ মানবাধিকার কমিশনের চট্টগ্রাম মহানগর শাখার আয়োজনে ‘জঙ্গিবাদ: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে নাছির উদদীন এসব কথা বলেন। তিনি বলেন, ‘সংস্কৃতিচর্চার অভাবে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিস্তৃতি ঘটছে বলে বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে। আবার বলা হচ্ছে বিজ্ঞানমনস্ক শিক্ষার অভাবে জঙ্গিবাদের উত্থান ঘটছে। আবার কারও মতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি নেই বলে জঙ্গিবাদের উত্থান হচ্ছে। আমি এই ধরনের কথার সঙ্গে পুরোপুরি একমত নই। আর এসব আবেগপ্রবণ বক্তব্য দিয়ে জঙ্গিবাদ নির্মূল করা যাবে না। এর জন্য সমস্যার গভীরে যেতে হবে।’
নাছির উদদীন বলেন, অনেকেই বলে পুলিশের গাফিলতির কারণে জঙ্গিবাদের উত্থান হচ্ছে। কিন্তু তাঁরা জঙ্গিবাদ সৃষ্টির আসল কথা বলেন না। এসব কথা যাঁরা বলেন তাঁদেরও সন্দেহের আওতায় আনা দরকার।
মানবাধিকার কমিশন চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি মোহাম্মদ আবুল হাশেমের সভাপতিত্বে বৈঠকে বক্তব্য দেন চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ সিরাজুল ইসলাম, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কাউন্সিলর আনজুমান আরা বেগম, আবিদা আজাদ প্রমুখ।