জঙ্গিবাদের বিরুদ্ধে আলেমদের ভূমিকা রাখার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামে জঙ্গিবাদের কোনো স্থান নেই। জঙ্গিবাদ দমনে আলেম-ওলামাদের বড় ভূমিকা রাখতে হবে। যারা ইসলামের নামে সন্ত্রাস-জঙ্গিবাদ সৃষ্টি করছে, তারা ইসলাম ও ধর্মকে ধ্বংস করার চেষ্টা করছে। প্রতি জুমাবার খুতবার আগে জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলার জন্য মসজিদের ইমামদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল বৃহস্পতিবার সিলেটে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ‘জঙ্গিবাদ, সন্ত্রাস প্রতিরোধ ও সামাজিক সমস্যা সমাধানে আলেম-ওলামাদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় অর্থমন্ত্রী এই আহ্বান জানান। সিলেটের রিকাবীবাজারে সিলেট মিলনায়তনে এ মতবিনিময় সভা হয়। সভায় সিলেট বিভাগের চার জেলা থেকে শীর্ষস্থানীয় আলেম-ওলামাসহ মসজিদের ইমামেরা অংশ নেন। মতবিনিময় সভায় ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া বিশেষ অতিথির বক্তব্য দেন। অর্থমন্ত্রী বলেন, ‘জঙ্গিবাদ দমনে আমরা যথেষ্ট সফল হয়েছি। বোমা-গ্রেনেড হামলার আতঙ্ক এখন আমাদের তাড়িত করে না। ইসলামে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোনো স্থান নেই। নিজে মরব, অন্যকে মারব—ইসলামে এটা সম্পূর্ণ হারাম। ইসলাম শুধু একটি ধর্মের নাম নয়, একই সঙ্গে শান্তি ও প্রগতির ধর্ম ইসলাম।’ আইনের শাসন প্রতিষ্ঠা প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘আমরা আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছি। বঙ্গবন্ধু হত্যাসহ বড় ১০টি হত্যা মামলার বিচার করেছি। জেলহত্যার বিচার চালু করেছি। যুদ্ধাপরাধীদের বিচার চলছে। এসবই আইনের শাসন প্রতিষ্ঠার জন্য।’ অর্থমন্ত্রী বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রসঙ্গে বলেন, ‘হেফাজতে নির্যাতন, মৃত্যু হয়। এটা আইনের পরিপন্থী। আমরা এটা পুরোপুরি নির্মূল করব। এটা আমাদের আগামীর লক্ষ্য (টার্গেট)। বর্তমানে আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার নিরলসভাবে কাজ করছে।’বিএনপি-জামায়াত জোট আমলে জঙ্গিবাদের উত্থান হয়েছিল উল্লেখ করে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘জঙ্গিবাদ সৃষ্টি হওয়ায় দেশের বহু মানুষকে হত্যা করা হয়েছে। আমরা এ ধরনের অপকর্মকে ঘৃণা করি। মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রম ও আলেমদের সচেতনতায় জঙ্গিবাদ নির্মূল হচ্ছে। অতীতেও আওয়ামী লীগ সরকার আলেমদের সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দিয়েছে এবং আগামীতেও করবে।’সিলেটের জেলা প্রশাসক খান মোহাম্মদ বিলালের সভাপতিত্বে মতবিনিময় সভায় ইসলামিক ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের সদস্য মিছবাহুর রহমান চৌধুরী, সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবদুজ জহির চৌধুরী ও আজাদদ্বীনি এদারায়ে তালীম বাংলাদেশের মহাসচিব আবদুল বাসিত বরকতপুরী উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মো. আফজাল। শামীম মো. আফজাল বলেন, বঙ্গবন্ধু ইসলামের প্রচার ও প্রসারের জন্য ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। পৃথিবীর ইতিহাসে এমন নজির খুব কম। বাংলার মাটিতে জঙ্গিবাদের সঙ্গে আলেমের সম্পৃক্ততা নেই। বাংলাদেশের ১৬ কোটি মানুষের শান্তির জন্য জঙ্গিবাদ প্রতিরোধ করা উচিত। এ জন্য আলেম সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।