জঙ্গিবাদের বিরুদ্ধে ইমামদের সক্রিয় থাকার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের অভ্যন্তরে জঙ্গিবাদের বিরুদ্ধে ইমামদের সক্রিয় থাকার আহ্বান জানিয়েছেন কুষ্টিয়া-৩ আসনের সাংসদ ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহবুব উল আলম হানিফ।
গতকাল বুধবার দুপুরে খুলনা সরকারি মহিলা কলেজ মিলনায়তনে জেলার ইমাম ও আলেম-ওলামাদের নিয়ে ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ইসলামের আহ্বান’ শীর্ষক কর্মশালায় তিনি প্রধান অতিথি হিসেবে ইমামদের এ আহ্বান জানান। খুলনা বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে।
বাংলাদেশে আইএসের কোনো অস্তিত্ব নেই মন্তব্য করে হানিফ বলেন, বিভিন্ন সংগঠনের নামে জামায়াত-শিবির পরিকল্পিতভাবে নাশকতা ও গুপ্তহত্যা চালিয়ে নৈরাজ্য সৃষ্টি করছে। তাই ’৭১-এর পরাজিত শত্রুরা আবার যাতে মাথাচাড়া দিতে না পারে, সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
তিনি আরও বলেন, জঙ্গিদের পেছনে কারা আছে, কারা মদদ দিচ্ছে তাদের খুঁজে বের করা হবে। যারা মানুষ হত্যা করে ইসলাম কায়েম করতে চায়, তারা দেশ ও সমাজের শত্রু। এদের কোনো ছাড় দেওয়া হবে না। সবাই আজ জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার। জনগণকে সঙ্গে নিয়ে এসব ষড়যন্ত্র প্রতিহত করা হবে।
কর্মশালায় বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা-৩ আসনের সাংসদ বেগম মন্নুজান সুফিয়ান, খুলনা-২ আসনের সাংসদ মুহাম্মদ মিজানুর রহমান, খুলনা-১ আসনের সাংসদ পঞ্চানন বিশ্বাস, খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ, খুলনা রেঞ্জ ডিআইজি এস এম মনির-উজ-জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মাহবুব হাকিম, র্যা ব-৬-এর অধিনায়ক খোন্দকার রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশিদ এবং পুলিশ সুপার মো. হাবিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসান।