জঙ্গিবাদের বিরুদ্ধে এক লাখ আলেমের ফতোয়া আসছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে চলমান জঙ্গিবাদের দর্শনকে খণ্ডন করে এক লাখেরও বেশি আলেম, মুফতি ও ইমামের সই-সংবলিত ফতোয়া জারি করা হবে আজ শনিবার। এর নাম দেওয়া হয়েছে ‘মানবকল্যাণে শান্তির ফতোয়া’।

কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানের ইমাম মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ আজ বেলা সাড়ে ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে এই ফতোয়ার কথা জানাবেন। তিনি আলেম, মুফতি, ইমামদের ফতোয়া ও দস্তখত সংগ্রহ কমিটির আহ্বায়ক।

ফরিদ উদ্দিন মাসউদ গতকাল শুক্রবার বলেন, মূলত ১০টি বিষয় সামনে রেখে ফতোয়া দেওয়া হবে। এই ফতোয়ার পক্ষে সারা দেশ থেকে ১ লাখ ১ হাজার ৮৫০ জন আলেম সই করেছেন। তিনি বলেন, ইসলামে নিরপরাধ মানুষকে গণহারে হত্যা বৈধ নয়। শিশু, নারী, বৃদ্ধ ও দুর্বল—যারা যুদ্ধে শরিক নয়—তাদের হত্যা করা কঠোরভাবে নিষিদ্ধ। যেকোনো অবস্থায় খুন করা অপরাধ। ইবাদত বা উপাসনারত কাউকে হত্যা করা জঘন্য অপরাধ। অমুসলিমদের গির্জা, প্যাগোডা, মন্দির ইত্যাদি উপাসনালয়ে হামলা করা হারাম ও অবৈধ। এই বিষয়গুলোই ফতোয়ায় থাকবে।

ফরিদ উদ্দিন মাসউদ বলেন, ধর্মের নামে যে সন্ত্রাস হচ্ছে, সেটা মনোবৈকল্যের কারণে হচ্ছে। এই ফতোয়ার মূল লক্ষ্য হচ্ছে মৌলিকভাবে জঙ্গিবাদের চেতনাকে আঘাত করা। তাদের শুদ্ধতার দিকে, মানবতার দিকে নিয়ে আসা।