জঙ্গিবাদের বিরুদ্ধে একসঙ্গে কাজ করার আহ্বান আইজিপির
জঙ্গিবাদ ও সন্ত্রাস মোকাবেলায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। তিনি বলেন, সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে সকল শ্রেণি-পেশার সবাইকে সম্মিলিতভাবে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
শনিবার বিকেলে কিশোরগঞ্জ পুলিশ লাইনসে জেলা পুলিশ আয়োজিত এক সুধী সমাবেশে আইজিপি এসব কথা বলেন।
আইজিপি বলেন, ধর্মের নামে যারা দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। এরা ইসলামের শত্রু, মানবতার শত্রু। সন্ত্রাস-জঙ্গিবাদ রুখতে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।
কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খানের আয়োজনে সমাবেশে আরো বক্তব্য দেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি এসএম নূরুজ্জামান, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক জিল্লুর রহমান, জেলা প্রশাসক আজিমুদ্দীন বিশ্বাস, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ প্রমুখ।