জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের চেতনা ও মতাদর্শে অনুপ্রাণিত হয়ে দেশে জঙ্গিবাদ এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রবীন্দ্রনাথের ১৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল রোববার সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, ‘রবীন্দ্রনাথ আমাদের গৌরবের নাম। তিনি বাঙালির অস্তিত্বের এক চিরন্তন প্রতীক। রবীন্দ্রনাথের কাছ থেকে শিক্ষা নেওয়ার মানে, প্রকৃতির সঙ্গে মেলবন্ধন এবং সব ধরনের সংস্কার ও সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে শৃঙ্খল থেকে মুক্তি।’
আবদুল হামিদ বলেন, ‘দারিদ্র্য বিমোচন, গ্রামীণ সমাজ, স্বাস্থ্য ও পরিবেশ সম্পর্কে রবীন্দ্রনাথের চিন্তা এখনো আমাদের অনুপ্রাণিত করে। যখন পৃথিবী একটি গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে, তখনো রবীন্দ্রনাথের চিন্তা ও দর্শন যথেষ্ট গুরুত্ব বহন করে। তাঁর ঔপনিবেশিকতাবাদ ও ফ্যাসিবাদবিরোধী অবস্থান এখনো মানুষকে অনুপ্রাণিত করে।’
সুন্দর প্রকৃতি ও সম্পদের জন্য রবীন্দ্রনাথ এ দেশকে ‘সোনার বাংলা’ হিসেবে কল্পনা করেছেন উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, শান্তি, ঐক্য ও সম্প্রীতি হচ্ছে রবীন্দ্রনাথের গানের মর্মবাণী। এ অঞ্চলের মানুষ ও মাটি তাঁর কবিতা-গল্প-গানে খুব সহজভাবে ফুটে উঠেছে।
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অধ্যাপক সনৎ কুমার সাহা ও সংস্কৃতিসচিব আকতারি মমতাজ।