জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে: রাষ্ট্রপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি আবদুল হামিদ বিশ্বকে বসবাসের জন্য একটি নিরাপদ স্থান হিসেবে গড়ে তুলতে সামাজিক বৈষম্য, মানবিক অসমতা এবং সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
বঙ্গভবনে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এক ভোজসভায় ভাষণে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ১৩৬তম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) পাঁচ দিনব্যাপী সম্মেলনে যোগদানকারী প্রতিনিধিদের সম্মানে রাষ্ট্রপতি এ ভোজসভার আয়োজন করেন।
বৈশ্বিক সন্ত্রাস প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ শুধু উন্নয়ন ও গণতন্ত্রের জন্য হুমকি নয়, এটি মানব সভ্যতার জন্যও একটি অভিশাপ। তিনি গোটা মানবজাতির স্বার্থে এর নির্মূলে যথাযথ পদক্ষেপ গ্রহণ ও নীতি প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন।
দেশের চমৎকার উন্নয়নের প্রসঙ্গ উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, নারী ক্ষমতায়ন, দারিদ্র্য বিমোচন এবং বিভিন্ন প্রতিকূলতা সত্ত্বেও গত আট বছর অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখাসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আর্থসামাজিক খাতে টেকসই উন্নয়ন ও অগ্রগতি অর্জন করেছে।
আবদুল হামিদ বলেন, প্রতিটি দেশের সংসদ সদস্যরা তাঁদের অভিজ্ঞতার মাধ্যমে নিজেদের দেশে এবং অন্য দেশগুলোতে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অসমতা দূরীকরণে সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন বলে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন।
ভোজসভায় অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ও সিপিএ চেয়ারপারসন শিরীন শারমিন চৌধুরী, সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ, আইপিইউ প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী, আইপিইউ মহাসচিব মার্টিন চুনগং, অটিজম সংক্রান্ত বাংলাদেশ জাতীয় কমিটির চেয়ারপারসন সায়মা ওয়াজেদ হোসেন উপস্থিত ছিলেন।