জঙ্গিবাদের বিরুদ্ধে কওমি শিক্ষার্থীদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জঙ্গিবাদের প্রতিবাদে কিশোরগঞ্জে কওমি শিক্ষার্থীদের তিন কিলোমিটার দীর্ঘ মানববন্ধন। ছবিটি বৃহস্পতিবার শহরের শহীদী মসজিদের সামনে থেকে তোলা। প্রথম আলো।
জঙ্গিবাদের প্রতিবাদে কিশোরগঞ্জে কওমি শিক্ষার্থীদের তিন কিলোমিটার দীর্ঘ মানববন্ধন। ছবিটি বৃহস্পতিবার শহরের শহীদী মসজিদের সামনে থেকে তোলা। প্রথম আলো।

আমরা সন্ত্রাস চাই না, জঙ্গিবাদ চাই না। জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ চাই। কওমি মাদ্রাসা জঙ্গি প্রজনন কেন্দ্র নয়, জঙ্গি নির্মূল কেন্দ্র। এমন সব ফেস্টুন ও বুকে জঙ্গিবিরোধী স্লোগান লিখে রাস্তায় দাঁড়িয়ে মানববন্ধন করেছে কিশোরগঞ্জ জেলার কওমি মাদ্রাসাগুলোর কয়েক হাজার শিক্ষক ও শিক্ষার্থী।

আজ বৃহস্পতিবার সকালে কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের (বেফাক) আহ্বানে সারা দেশের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধন করা হয়। এর আয়োজন করে কিশোরগঞ্জের আল জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসা ও তানজিমুল মাদারিসিল আরাবিয়া কওমিয়া (বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল) এবং স্থানীয় বেফাকের অধীনে কওমি শিক্ষাপ্রতিষ্ঠান।

সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত জেলা শহরের ঐতিহাসিক শহীদী মসজিদের সামনে থেকে শুরু করে পশ্চিমে কাচারীবাজার, পূর্ব দিকে চামটা রোডের তারাপাশা নুরানি মাদ্রাসা পর্যন্ত দীর্ঘ তিন কিলোমিটার রাস্তার দুই পাশে কয়েক হাজার শিক্ষার্থী ও শিক্ষকেরা এ মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন বেফাকের সহসভাপতি ও আল জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার মহাপরিচালক শহীদী মসজিদের খতিব মাওলানা আজাহার আলী আনোয়ার শাহ। তিনি বলেন, ইসলাম একটি শান্তির ধর্ম। এ ধর্ম বিশৃঙ্খলা ও জঙ্গিবাদকে সমর্থন করে না। ইসলামের নামে কিছু লোককে ব্রেন ওয়াশ করে বিপথগামী করা হচ্ছে। ওলামায়ে কেরাম ও সরকারের দায়িত্ব ঐক্যবদ্ধভাবে জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো।

মানববন্ধনে উপস্থিত ছিলেন জামিয়ার শাইখুল হাদিস মাওলানা শফিকুর রহমান জালালাবাদী, মাওলানা শামসুল ইসলাম, মাওলানা শোয়াইব বিন আবদুর রউফ, জামিয়া নুরানীয়া তারাপাশা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল বাশার, শিক্ষাসচিব মাওলানা মোখলেছুর রহমান প্রমুখ।