জঙ্গিবাদের বিরুদ্ধে কর্মসূচি
জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় বৈকুণ্ঠপুর এলাকায় গতকাল বৃহস্পতিবার আলোচনা সভা হয়েছে। একই দিন নরসিংদী ও গাজীপুরে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
মানিকগঞ্জ: দুপুর ১২টার দিকে ঘিওর উপজেলার বৈকুণ্ঠপুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন মাদ্রাসা সুপার সোলায়মান সিদ্দিকী। বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মহিদুর রহমান, মাদ্রাসার শিক্ষক আমজাদ হোসেন, মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার, আবদুর রাজ্জাক, আবদুস সাত্তার, বদর উদ্দিন প্রমুখ।
নরসিংদী: নরসিংদী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও জেলা মহিলা লীগের উদ্যোগে পৃথক মানববন্ধন করা হয়। দুপুরে সাটিরপাড়ায় বিদ্যালয়ের সামনে শিক্ষার্থীরা ও পশ্চিম কান্দাপাড়া এলাকায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে কর্মসূচি পালন করা হয়।
গাজীপুর: বিকেলে টঙ্গীর সাতাইশ স্কুল মাঠে জঙ্গি ও মাদকবিরোধী জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়। টঙ্গী থানা কমিউনিটি পুলিশের উদ্যোগে এ সমাবেশ হয়। সমাবেশে স্কুল, মাদ্রাসা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সুশীল সমাজের লোকজন অংশ নেন।