জঙ্গিবাদের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির আহ্বান রাষ্ট্রপতির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কর্মসূচি গ্রহণের জন্য জাতীয় মানবাধিকার কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
কমিশনের নবনিযুক্ত চেয়ারম্যান কাজী রিয়াজুল হকের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধিদল গতকাল রোববার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
প্রতিনিধিদলের সদস্যরা কমিশনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপতিকে জানান। তাঁরা বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ সম্পর্কে জনমত গঠনের লক্ষ্যে বিভিন্ন শ্রেণি-পেশার জনগণের সঙ্গে কমিশন মতবিনিময় কর্মসূচির আয়োজন করবে। কমিশনের নিজস্ব কার্যালয় প্রতিষ্ঠায় রাষ্ট্রপতির সহযোগিতা চান তাঁরা। এ সময় রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন জনগণের মানবাধিকার সমুন্নত রাখতে কমিশন সর্বোচ্চ চেষ্টা চালাবে।
পরে রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) উপাচার্য মেজর জেনারেল শেখ মামুন খালেদ। বৈঠকে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে জানান। তিনি ‘ভবিষ্যৎ অবকাঠামোগত পরিকল্পনা: রূপকল্প ২০৩০’ শীর্ষক বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিবেদন রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করেন। এ সময় রাষ্ট্রপতি বিইউপির উপাচার্যকে বিশ্বের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণের নির্দেশ দেন।