রাজধানীর গুলশানে জঙ্গি হামলার এক মাস পূর্তিতে গতকাল সোমবার বিভিন্ন স্থানে সন্ত্রাস ও জঙ্গিবিরোধী মিছিল, সমাবেশ ও মানববন্ধন হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ডাকে এ কর্মসূচি পালিত হয়।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
বরিশাল: ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ শিরোনামে বরিশাল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বেলা ১১টার দিকে ঘণ্টাব্যাপী সমাবেশ ও মানববন্ধন হয়। সমাবেশে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস এম ইমামুল হক বলেন, ‘বাঙালি জাতি জঙ্গিবাদ ও জঙ্গি তৎপরতার বিরুদ্ধে জেগে উঠেছে। ধর্মের নামে সহিংসতা ও অপতৎপরতা বাঙালি মেনে নেবে না। আমাদের জাতীয় সংগীতের প্রতি দৃঢ় সম্মান রাখতে হবে। আমরা যদি দেশকে ভালোবাসতে পারি, তাহলে কেউ জঙ্গি তৎপরতা চালাতে পারবে না।’

খুলনা: বেলা ১১টার দিকে খুলনা বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে ক্যাম্পাসের হাদী চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়। এ ছাড়া খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও বিএল কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে একই কর্মসূচি পালন করা হয়।
ইসলামী বিশ্ববিদ্যালয়: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রা, মানববন্ধন ও আলোচনা সভা হয়। শুরুতে জঙ্গি হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
পটুয়াখালী: সকাল সাড়ে ১০টার দিকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়। এ ছাড়া পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন, শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে।
পিরোজপুর: পিরোজপুর শহরে সরকারি সোহরাওয়ার্দী কলেজ, সরকারি মহিলা কলেজ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়।
ভোলা: সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ভোলা সরকারি কলেজ, সরকারি ফজিলাতুননেছা মহিলা কলেজ, মুসলিম মাধ্যমিক বিদ্যালয়, তজুমদ্দিন চাঁদপুর মহিলা কলেজ, দারুল হাদিস কামিল মাদ্রাসাসহ দুই সহস্রাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন হয়েছে।

গোপালগঞ্জ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শোভাযাত্রা, মানববন্ধন ও আলোচনা সভা হয়েছে। ইউজিসির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালিত হয়।
ফরিদপুর: বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের মুজিব সড়ক, অম্বিকা রোড, কলেজ রোডসহ বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার কয়েক শ মানুষ মানববন্ধন করেন।
সাতক্ষীরা: বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সাতক্ষীরা শহরসহ সাতটি উপজেলা সদরে মানববন্ধন হয়। সাতক্ষীরা সরকারি উচ্চবিদ্যালয়ের সামনে মানববন্ধনে অন্যদের মধ্যে জেলা শিক্ষা কর্মকর্তা ও ক্রিকেটার সৌম্য সরকারের বাবা কিশোরী মোহন সরকার অংশ নেন।
নড়াইল: ‘সুশিক্ষার আলোয় রুখব জঙ্গিবাদ’ স্লোগানে সকালে নড়াইলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষক-কর্মচারীরা মানববন্ধন করেন।
যশোর: বেলা ১১টায় যশোর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের শংকরপুর এলাকায় যশোর মেডিকেল কলেজ, শহরের দড়াটানা মোড়ে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসক, সেবিকা ও কর্মচারী সমিতি এবং যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজ ক্যাম্পাসে মানববন্ধন ও সমাবেশ হয়।
কুষ্টিয়া: কুষ্টিয়া ও মেহেরপুরে শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে বেলা ১১টার দিকে ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়।
এ ছাড়া রাজবাড়ীর গোয়ালন্দ, পটুয়াখালীর বাউফল, বরিশালের গৌরনদী ও বরগুনার পাথরঘাটায়ও নানা কর্মসূচি পালিত হয়েছে।