সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে গতকাল সোমবার সিলেট নগরে শোভাযাত্রা ও সমাবেশ হয়েছে। সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে বক্তারা বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে এ দেশের মানুষের জয় অবশ্যম্ভাবী।
বেলা ১১টার দিকে নগরের তোপখানা এলাকা থেকে শোভাযাত্রা বের করা হয়। বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে চৌহাট্টা এলাকায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সেটি শেষ হয়। সেখানে সমাবেশ হয়। এতে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব সভাপতিত্ব করেন।
সমাবেশে বক্তারা বলেন, বাঙালি শান্তিপ্রিয় জাতি হিসেবে সারা বিশ্বে পরিচিত। নানা অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে বাঙালি বারবার জেগে উঠে জয়ের ইতিহাসের নজির স্থাপন করেছে। এর ধারাবাহিকতায় এবারও জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে বাংলাদেশের মানুষ। সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্তের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সিলেট মহানগর মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের কমান্ডার ভবতোষ রায় বর্মণ, সিটি করপোরেশনের কাউন্সিলর রেজওয়ান আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।