জঙ্গিবাদের বিরুদ্ধে দেশের মানুষ ঘুরে দাঁড়িয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জঙ্গিবাদবিরোধী জাতীয় ঐক্যের ডাক সর্বস্তরের মানুষ আন্তরিকভাবে গ্রহণ করেছে। শহর থেকে গ্রাম পর্যায়ে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী মানববন্ধন ও সমাবেশ হচ্ছে। জঙ্গিবাদ-সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের মানুষ ঘুরে দাঁড়িয়েছে।
গতকাল শনিবার রাতে কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ‘সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদ প্রতিরোধ’বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আগে অগ্নি-সন্ত্রাস করে মানুষকে পুড়িয়ে মারা হয়েছে। জনতা সম্মিলিতভাবে তা প্রতিরোধ করেছিল। এরপর শুরু হলো টার্গেট কিলিং। স্বাধীনতাবিরোধী চক্র কখনো হুজি, কখনো আনসারুল্লাহ বাংলা টিম, কখনো হামজা বিগ্রেড হয়ে দেশে জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ কায়েমের চক্রান্ত করছে। যেকোনো মূল্যে এসব প্রতিরোধ করতে হবে।’ তিনি বলেন, ‘মাদ্রাসার ছাত্ররা জঙ্গিবাদে যাচ্ছে না। উচ্চশিক্ষায় শিক্ষিত ও সচ্ছল পরিবারের সন্তানেরা জঙ্গিবাদে জড়িয়ে পড়ছে। আমাদের প্রিয় সন্তানেরা কেন জঙ্গিবাদে জড়িত হচ্ছে, তার অনুসন্ধান করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।’
জেলা প্রশাসক মো. আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাংসদ আশেক উল্লাহ রফিক, মোহাম্মদ ইলিয়াছ ও আবদুর রহমান বদি, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম, বিজিবির কক্সবাজার সেক্টরের কমান্ডার কর্নেল তানবিরুল আলম, পুলিশ সুপার শ্যামল কুমার নাথ, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের, জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা।
সভার শুরুতে জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, সৈকত ভ্রমণে আসা লাখ লাখ পর্যটককে নিরাপত্তা দেওয়া হচ্ছে।