জঙ্গিবাদের বিরুদ্ধে বিজয়ী হবই: মতিয়া
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ‘আমরা বিজয়ী জাতি। জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হবই।’ তিনি বলেন, জঙ্গিরা মানুষ না, মুসলমানও না। এরা মানুষরূপী শয়তান। এই শয়তানদের বাংলার মাটি থেকে উৎখাত করতে হবে।
দেশে সাম্প্রতিক জঙ্গি হামলার বিরুদ্ধে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ আয়োজিত যুব সমাবেশে মতিয়া চৌধুরী এসব কথা বলেন। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল বুধবার এ সমাবেশ হয়।
মতিয়া চৌধুরী বলেন, ‘সন্ত্রাসীদের বিচারের মুখোমুখি করা হবেই। আইনের মাধ্যমেই একদিন তাদের শেষ পরিণতির দিকে যেতে হবে।’ তিনি বলেন, ‘আজকের আহ্বান রুখে দাঁড়াও বাংলাদেশ। আমি অন্তরের অন্তস্তল, হৃদয়ের গভীর থেকে বিশ্বাস করি, শেখ হাসিনার এই আহ্বান বাংলাদেশের প্রতিটি মানুষের অন্তরের আহ্বান। যদি তাই না হতো, তাহলে দেখেন যারা (জঙ্গিরা) গুলশানে ও শোলাকিয়ায় মারা গেছে, তাদের নিকটজন তাদের লাশ আনতে যায়নি। মর্গে পড়ে থাকে ওই লাশ। লজ্জা, ঘৃণা এবং ধিক্কার জানাই ওই সন্তানদের। তাদের মায়েরা ছেলের জন্য চোখের পানি ফেলতে পারে না লোকলজ্জার ভয়ে, ঘৃণার ভয়ে, জনরোষের ভয়ে। এর চাইতে জঘন্য জীবন আর কী হতে পারে?’
সিঙ্গাপুরের আদালতে চার বাংলাদেশিকে জঙ্গি অর্থায়নের দায়ে শাস্তি দেওয়ার কথা উল্লেখ করে মতিয়া বলেন, ‘গ্রামগঞ্জে একটা কথা আছে এক হাঁসে নষ্ট করে সাত পুকুরের পানি। এই কয়েকজন দুষ্কর্ম করে। আর বিদেশে বাঙালিদের চাকরির বাজার সংকুচিত হয়ে যায়। আর আমাদের দিকে অঙ্গুলিনির্দেশ করা হয়।’ পাড়া-মহল্লায় সমাজ ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড যারা করে, তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করার জন্য যুবলীগের নেতা-কর্মীদের নির্দেশ দেন তিনি।
সমাবেশে যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী সন্ত্রাস ও জঙ্গি তৎপরতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য নেতা-কর্মীদের শপথ বাক্য পাঠ করান। সমাবেশ শুরুর আগেই কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার চারপাশ ঘিরে রাখে পুলিশ। তল্লাশি করে সমাবেশস্থলে প্রবেশ করতে হয় সবাইকে। তবে বৃষ্টি উপেক্ষা করে সবুজ ক্যাপ পরে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বিপুলসংখ্যক নেতা-কর্মী শহীদ মিনার এলাকায় জড়ো হন।
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরীর সভাপতিত্বে যুব সমাবেশে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সাধারণ সম্পাদক এ এস এম মাকসুদ কামাল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ, একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম।