জঙ্গিবাদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় কর্মসূচি পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর মনোহরদী ও পলাশ উপজেলায় গতকাল শনিবার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সভা ও বিক্ষোভ মিছিল হয়েছে। এ ছাড়া নারায়ণগঞ্জে সভা ও মুন্সিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকার দোহার ও নবাবগঞ্জে স্কুল-কলেজের শিক্ষার্থীরা সভা করেছে।
প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
নরসিংদী: বেলা ১১টায় মনোহরদীর ৮৩টি ও পলাশের ২২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও ব্যবস্থাপনা কমিটির সদস্যরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে সভা ও বিক্ষোভ মিছিল করেন। মনোহরদী পাইলট উচ্চবিদ্যালয়ের কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ শহিদুল্লাহ, মনোহরদীর পৌর মেয়র আমিনুর রশিদ, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর হোসেন প্রমুখ।
পলাশ পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের নেতৃত্বে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ঘোড়াশাল তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে।
মুন্সিগঞ্জ: বেলা ১১টায় মুন্সিগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে প্রধান শিক্ষক মো. আক্তার হোসেনের সভাপতিত্বে জঙ্গিবাদবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। একই সময় সরকারি হরগঙ্গা কলেজ প্রাঙ্গণে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ ফয়সাল। কলেজের অধ্যক্ষ মাহফুজুল হকের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন উপাধ্যক্ষ মো. সাহেদুল কবির, শিক্ষক পরিষদের সম্পাদক মো. সিরাজুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মতিউল ইসলাম প্রমুখ। এর আগে সদর উপজেলার মীরকাদিম পৌরসভায় মুন্সিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে অধ্যক্ষ নিহার রঞ্জন দাসের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের সাংসদ মৃণাল কান্তি দাস। বিশেষ অতিথি ছিলেন মীরকাদিম পৌরসভার মেয়র মো. শহীদুল ইসলাম।
এ ছাড়া এ ভি জে এম সরকারি বালিকা বিদ্যালয়, মুন্সিগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়, কে কে গভর্নমেন্ট ইনস্টিটিউশনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে একই ধরনের কর্মসূচি পালন করা হয়।
নারায়ণগঞ্জ: গতকাল জেলার রূপগঞ্জ উপজেলার চারিতালুক দারুল হুদা আলিম মাদ্রাসা মাঠে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে আলোচনা সভা হয়। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইকবাল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলাব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হাসান আশকারী। এদিকে পাঁচরুখী বেগম আনোয়ার ডিগ্রি কলেজ মাঠে একই ধরনের কর্মসূচি পালন করা হয়। সভায় সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি ফকির আবদুল বাতেন। বক্তব্য দেন নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের নেতা মাহাবুবুর রহমান, কলেজের অধ্যক্ষ মো. জাকির হোসেন প্রমুখ।
কেরানীগঞ্জ (ঢাকা): গতকাল দুপুরে ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলার স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে জঙ্গিবিরোধী সভা করা হয়েছে। দুই উপজেলার শতাধিক মাধ্যমিক স্কুল ও কলেজ কর্তৃপক্ষ এ সভার আয়োজন করে। নবাবগঞ্জের ডিএন কলেজ, চুড়াইন আদর্শ (অনার্স) কলেজ, গালিমপুর ইছামতী ডিগ্রি কলেজ, নবাবগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়, নবাবগঞ্জ পাইলট উচ্চমাধ্যমিক বিদ্যালয়, কলাকোপা কোকিলপ্যারী উচ্চবিদ্যালয়, দোহারের জয়পাড়া কলেজ ও বিশ্ববিদ্যালয়, পদ্মা ডিগ্রি কলেজ, কবি নজরুল উচ্চবিদ্যালয়সহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন।