জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়ায় ঢাকা-মাওয়া মহাসড়কে গতকাল বৃহস্পতিবার কওমি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন করেছেন। একই সময় নরসিংদীতেও কওমি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা অনুরূপ কর্মসূচি পালন করেন।
কুচিয়ামোড়ায় মুন্সিগঞ্জ জেলা ও ঢাকা দক্ষিণাঞ্চল কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের আয়োজনে ‘রুখে দাঁড়াও বাংলাদেশ’ স্লোগানে সকাল ১০টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়। এতে জেলার বিভিন্ন কওমি মাদ্রাসার সহস্রাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন। জেলা কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সভাপতি মাওলানা আ. হামিদের নেতৃত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন মাওলানা সাইফুল্লাহ প্রমুখ।
নরসিংদীতে গতকাল সকালে জেলা পুলিশ লাইনস থেকে উত্তর বাগহাটা পর্যন্ত মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এ সময় জঙ্গিবিরোধী বিভিন্ন স্লোগান লেখা ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন কওমি মাদ্রাসাগুলোর কয়েক হাজার শিক্ষক-শিক্ষার্থী।
কওমি মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের আহ্বানে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তব্য দেন জামিয়া ইসলামিয়া দারুল উলুম সাহেপ্রতাব মাদ্রাসার অধ্যক্ষ মো. মুজিবুর রহমান নোমানী, উপাধ্যক্ষ মো. সাদেকুর রহমান প্রমুখ।