জঙ্গিবাদের বিরুদ্ধে মিছিল মানববন্ধন, মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে গতকাল রোববার জঙ্গিবাদের বিরুদ্ধে মিছিল ও মানববন্ধন করেছে জেলা আইনজীবী সমিতি। একই দিন মানিকগঞ্জে সন্ত্রাস ও জঙ্গিবিরোধী কমিটির সদস্যদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মুন্সিগঞ্জে ৩৭টি মাদ্রাসার শিক্ষার্থী-শিক্ষকেরা মানববন্ধন করেন।

প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:

মানিকগঞ্জ: জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভার আয়োজন করে জেলা প্রশাসন। বেলা ১১টার দিকে সভা শুরু হয়। এতে জেলা প্রশাসক রাশিদা ফেরদৌসের সভাপতিত্বে বক্তব্য দেন ডিজিএফআইয়ের সাভার সেনানিবাসের অধিনায়ক কর্নেল এস এম ইমরান উজ্জামান, জেলা সন্ত্রাস ও জঙ্গিবিরোধী কমিটির সদস্যসচিব আবদুস সালাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ, এনএসআইয়ের জেলার উপপরিচালক মো. জিল্লুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে জেলার সাতটি উপজেলার সন্ত্রাস ও জঙ্গিবিরোধী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকেরা উপস্থিত ছিলেন। সভায় বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনকে নিয়ে কমিটির মাধ্যমে নিয়মিত জঙ্গিবিরোধী কার্যক্রম পরিচালনার ওপর তাগিদ দেওয়া হয়।

নরসিংদী: বেলা ১১টায় জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে জজ আদালতের সামনে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে জেলা আইনজীবী সমিতির সভাপতি এস এম বশিরুল কাদেরের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক মো. আসাদোজ্জামান, সরকারি কৌঁসুলি (পিপি) ফজলুল হক, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক খোরশেদ আলম ভূঁইয়া, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, ‘সন্ত্রাস ও জঙ্গিবাদকে যেন আমরা প্রশ্রয় না দিই। আইনের আওতায় আনার পর আমরা কেউ তাদের জামিন বা মুক্তির ব্যাপারেও সুপারিশ করব না। এটা হলে দেশ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব হবে। তাই আমাদের সচেতনভাবে এ ব্যাপারে উদ্যোগ নেওয়া দরকার।’

মুন্সিগঞ্জ: জেলার ৩৭টি মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বেলা ১১টায় ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়। আলিয়া মাদ্রাসাভিত্তিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন মুন্সিগঞ্জ জেলা শাখার উদ্যোগে ৩৭টি দাখিল, আলিম, কামিল ও ফাজিল মাদ্রাসার সাত শতাধিক শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা অংশ নেন।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে সাংসদ মৃণাল কান্তি দাস উপস্থিত ছিলেন। বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন মুন্সিগঞ্জ জেলা শাখার সভাপতি সিরাজদিখানের ইসলামপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ এ বি এম মহিউদ্দিন হোসাইনীর সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. সাইফুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ হারুন অর রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ ফয়সাল, জেলা শিক্ষা কর্মকর্তা শরিফুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মতিউল ইসলাম প্রমুখ।