জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধে জনগণের ঐক্য দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতায় জঙ্গিবাদ ফুলে-ফেঁপে বড় হয়েছে। তাই এদের বিরুদ্ধে যুদ্ধ করাটা একটু কঠিন। এই যুদ্ধে জিততে হলে দেশের জনগণকে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন।
২৫ মার্চ কালরাত উপলক্ষে গতকাল বুধবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক মুক্ত আলোচনায় বক্তারা এসব কথা বলেন। ‘বিচারহীনতার সংস্কৃতি, মৌলবাদের উত্থান ও আমাদের করণীয়’ শীর্ষক এই আলোচনার আয়োজন করে গণজাগরণ মঞ্চ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক অজয় রায়। তিনি বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধ মানে অপশক্তির বিরুদ্ধে যুদ্ধ। এই যুদ্ধ সহজ নয়। লড়াই করার জন্য রাজনীতিক ও সুশীল সমাজের ব্যক্তিদের জনগণের নেতৃত্ব দিতে হবে। জনগণ সব শক্তির উৎস, তাদের সুসংগঠিত করতে হবে। তবেই বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হওয়া ও মৌলবাদীদের রোখা সম্ভব।
সম্প্রতি আততায়ীদের হামলায় নিহত বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অভিজিৎ রায়ের বাবা অজয় রায় আরও বলেন, যাঁরা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী, সেই সব শক্তিকে একত্র হয়ে এগিয়ে আসতে হবে। তাহলেই ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গঠন সম্ভব।
মূল প্রবন্ধে অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাত বলেন, যেভাবে চলছে, তাতে যুদ্ধাপরাধীদের বিচার শেষ করতে বা ৫২১ জন যুদ্ধাপরাধীর শুনানি করতে ৫২ বছর সময় লাগবে। এর মধ্যে অনেক আসামি মারা যাবে। তিনি ট্রাইব্যুনালের সংখ্যা বাড়িয়ে তিন থেকে চার বছরের মধ্যে এই বিচারের প্রক্রিয়া শেষ করার আহ্বান জানান।
নিহত ব্লগার রাজীব হায়দারের বাবা নাজিম উদ্দিন বলেন, ‘রাজীব হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পাঁচজন ছাত্র ঘটনার কথা স্বীকার করলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেছে, এটা মতাদর্শগতভাবে স্পর্শকাতর মামলা। তারা যদি এসব কথা বলে, তাহলে আমরা বিচার পাব কী করে?’
স্বাগত বক্তব্যে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, ‘জঙ্গিবাদের পেছনে কারা আছে এবং কারা তাদের সহযোগিতা করছে, সেটা আমাদের অজানা নয়। তাদের চিহ্নিত ও তাদের আস্তানা জানা সত্ত্বেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এর ফলে জঙ্গিবাদী কার্যক্রমও অব্যাহত রয়েছে।’