জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান
জঙ্গিবাদ ও ধর্মীয় উগ্রবাদের বিরুদ্ধে সবাইকে যার যার অবস্থান থেকে রুখে দাঁড়াতে হবে। সরকারকে জনগণের নিরাপত্তার দায়িত্ব নেওয়ার পাশাপাশি ‘ক্রসফায়ার’ ও জঙ্গিদের অর্থের উৎস বন্ধ করতে হবে।
আজ শুক্রবার হত্যা, সন্ত্রাস ও জঙ্গিবাদের প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধন থেকে এসব আহ্বান জানানো হয়। সম্মিলিত সামাজিক আন্দোলন ও আনন্দন নামের একটি সংগঠন যৌথভাবে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনের রাস্তায় ‘হত্যা, সন্ত্রাস, জঙ্গিবাদী তৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে মুক্তিযুদ্ধের চেতনায় জাতীয় ঐক্য’ গড়ে তোলার আহ্বান জানিয়ে ওই কর্মসূচির আয়োজন করে।
সম্মিলিত সামাজিক আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউদ্দিন তারিক আলী চারটি দাবি তুলে ধরেন। সেগুলো হলো ‘ক্রসফায়ার’ বন্ধ করা, প্রশাসনে ‘সর্ষের মধ্যে থাকা ভূত’ বের করে আনা, জঙ্গিদের অর্থের উৎস বন্ধ করা এবং সরকারের দুর্নীতি বন্ধ করা। তিনি বলেন, জামায়াত, শিবির, হেফাজতে ইসলাম বা ওলামা লীগের প্রতি নমনীয় ভাব দেখানো হলে সরকার ভবিষ্যতে বিপদাপন্ন হবে। শিক্ষাব্যবস্থায় সম্প্রীতির ভাব আনয়ন করতে হবে।
ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য বলেন, এখন মনে হয় প্রতিদিন ১৪ ডিসেম্বর। একের পর এক হত্যাকাণ্ড হচ্ছে। কিন্তু পুলিশ নিস্পৃহ। কথিত বন্দুকযুদ্ধে সন্দেহভাজন জঙ্গি ফায়জুল্লাহ ফাহিমের নিহত হওয়ার ঘটনার সমালোচনা করে তিনি বলেন, তাকে ক্রসফায়ারে দিয়ে প্রমাণ বিলুপ্ত করা হয়েছে। এ ধরনের ক্রসফায়ার প্রমাণ করে সর্ষের মধ্যে ভূত আছে।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা অভিযোগ করেন, সারা দেশে যে গুপ্তহত্যা, সাম্প্রদায়িকতা ছড়ানো হচ্ছে, এর পেছনে যে শক্তি কাজ করছে, তা হলো জামায়াত-শিবির। আর তাদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে বিএনপি। জঙ্গিবাদের অর্থায়ন বন্ধের দাবি জানিয়ে তিনি বলেন, পাকিস্তান ও ইসলামী ব্যাংক—এই দুটি উৎস থেকে জঙ্গিদের অর্থায়ন করা হচ্ছে। বিভিন্ন জায়গায় নিরাপত্তা নিশ্চিত করতে জনগণের হাতে লাঠি তুলে দেওয়ার সমালোচনা করে বাদশা বলেন, জনগণের নিরাপত্তার দায়িত্ব সরকারকে নিতে হবে।
জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের (একাংশ) সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান বলেন, যে বাংলাদেশ ১৯৭১-এ পাকিস্তানকে রুখে দিয়েছে, সে বাংলাদেশ আফগানিস্তানে পরিণত হতে পারে না। তিনি উগ্র গোষ্ঠীর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। সন্দেহভাজন জঙ্গিদের ক্রসফায়ারে না দিয়ে প্রকৃত তথ্য বের করে আনার আহ্বান জানান তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রোবায়েত ফেরদৌস বলেন, একটি প্রতিক্রিয়াশীল শক্তি চায় বাংলাদেশে শুধু তাদের ভাষায় ‘প্রকৃত মুসলমান’ বাস করবে। এটি হলে ’৭১-এর চেতনা ভূলুণ্ঠিত হবে। এই উগ্রবাদ, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সবাইকে যার যার অবস্থান থেকে রুখে দাঁড়াতে হবে।