জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার সাংবাদিকদের

ঢাকায় জাতীয় প্রেসক্লাবসহ দেশের বিভিন্ন জেলা প্রেসক্লাবের সামনে আয়োজিত জঙ্গিবাদবিরোধী মানববন্ধন কর্মসূচি থেকে সাংবাদিকেরা এই অপশক্তির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন। গতকাল শনিবার বেলা এগারোটা থেকে দুপুর ১২টা পর্যন্ত পূর্বঘোষিত এই কর্মসূচি পালন করা হয়।
জাতীয় প্রেসক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশ ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ যৌথভাবে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এই মানববন্ধনের আয়োজন করে। জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত কর্মসূচির স্লোগান ছিল ‘জেগে ওঠো দেশবাসী, রুখে দাঁড়াও বাংলাদেশ’।
মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে সমকাল পত্রিকার সম্পাদক গোলাম সারওয়ার বলেন, সাংবাদিকেরা বস্তুনিষ্ঠ, ন্যায়নিষ্ঠ ও সত্য সংবাদ পরিবেশন করেন। কিন্তু জঙ্গিবাদ প্রশ্নে বস্তুনিষ্ঠ থাকার আর সুযোগ নেই। জঙ্গিবাদ রাষ্ট্রকে আক্রমণ করেছে। তাই রাষ্ট্রের অস্তিত্বের প্রশ্নে সাংবাদিকেরা রাষ্ট্রের পাশে আছেন।
বাংলাদেশ টুডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ বলেন, ‘সন্ত্রাসের বিরুদ্ধে কোনো বিভাজন নেই। আমি এটিকে সমর্থন জানাই। সন্ত্রাসবাদ নিপাত যাক। ধর্মের অপব্যাখ্যার নামে হত্যা ও সন্ত্রাস করা চলবে না।’
জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান বলেন, যেসব দল জঙ্গিবাদকে সমর্থন করছে, তারা মুসলমান নয়, শয়তান।
বিএফইউজের একাংশের সভাপতি মনজুরুল আহসান বুলবুল বলেন, আজকে জঙ্গিবাদ জাতি ও রাষ্ট্রকে সংকটের মধ্যে ফেলে দিয়েছে। সাংবাদিক ও মানুষ হিসেবে তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে।
মানববন্ধনে অন্য সাংবাদিক নেতারাও বক্তব্য দেন।