জঙ্গিবাদের বিরুদ্ধে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের কল্যাণে জঙ্গিবাদ ও মাদকবিরোধী কার্যক্রমে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। গতকাল সোমবার সকাল ১০টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এক আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি। ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৭’ উপলক্ষে এই সভার আয়োজন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
প্রধান অতিথির বক্তব্যে আবদুল মান্নান বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাঁরাই দেশ ও জাতির নেতৃত্ব দেবেন। তাই দেশের উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, অনেক সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। কিন্তু দেশ স্বাধীনের ইতিহাসকে বিকৃত করতে চাইছে স্বাধীনতাবিরোধীরা। এ বিষয়ে দেশপ্রেমিক সবাইকে সচেতন থাকতে হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমান বলেন, দেশ স্বাধীনের আগে যারা বিরোধিতা করেছিল, তাদের উত্তরসূরিরাই আজ জঙ্গিবাদের সঙ্গে জড়িত। এই জঙ্গিবাদ প্রশাসন দিয়ে নির্মূল করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন সাংস্কৃতিক জাগরণ। এই সংস্কৃতিচর্চার মাধ্যমে দেশ ও জাতির মানসিক ও বাস্তবিক উন্নয়ন ঘটাতে হবে। তা হলেই জঙ্গিবাদ নির্মূল হবে।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রিয়ব্রত পালের সভাপতিত্বে ট্রেজারার সেলিম ভূঁইয়া, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল বাকী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবদুস সালাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অরুণ কুমার গোস্বামী, বাংলা বিভাগের শিক্ষক হোসনে আরা জলি প্রমুখ বক্তব্য দেন।