জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করতে হবে: শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে জঙ্গি তৎপরতার বিরুদ্ধে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির জন্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

গতকাল শনিবার রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল-সংলগ্ন রাস্তার পাশে ১৫ মিনিটের জন্য আয়োজিত অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি এই আহ্বান জানান।

ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে ঢাকা মহানগরসহ ঢাকা জেলার মাধ্যমিক পর্যায়ের স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে জঙ্গিবাদ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়। ঢাকার প্রায় সব মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানেই এই কর্মসূচি পালিত হয়েছে।

ল্যাবরেটরি হাইস্কুল-সংলগ্ন রাস্তার কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন শিক্ষাসচিব মো. সোহরাব হোসেইন, ঢাকা কলেজের অধ্যক্ষ মোয়াজ্জম হোসেন মোল্লাহ্, ঢাকার জেলা প্রশাসক সালাহ উদ্দীন প্রমুখ।

এর আগেও সরকারি উদ্যোগে জঙ্গিবিরোধী মানববন্ধন, উপাচার্য ও অধ্যক্ষদের নিয়ে সভা করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ৩ সেপ্টেম্বর তাদের আওতাধীন সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী সভার আয়োজন করা হবে। এই সভায় জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী সচেতনতা সৃষ্টি এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার বিষয়ে আলোচনা করতে বলেছে মন্ত্রণালয়। একই সঙ্গে নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়ানুষ্ঠান আয়োজন, স্কাউটিং ও গার্ল গাইডস কার্যক্রম বৃদ্ধি করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষাবান্ধব পরিবেশ তৈরির বিষয়েও আলোচনা করতে নির্দেশ দেওয়া হয়েছে। সভায় সব শিক্ষক, অভিভাবক, সমাজের বিশিষ্ট উদ্যোগী ব্যক্তি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষার্থী ও গণমাধ্যমের প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করতে বলা হয়।