জঙ্গিবাদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান
জঙ্গিবাদ, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির জন্য সুনামগঞ্জ, মৌলভীবাজার, চাঁদপুর ও ময়মনসিংহের নান্দাইলে গতকাল শনিবার শোভাযাত্রা, সমাবেশ, মানববন্ধন ও মতবিনিময় সভা করা হয়।
প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর—
সুনামগঞ্জ: পৌর শহরে গতকাল জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে শতাধিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন জঙ্গিবাদবিরোধী শোভাযাত্রা ও সমাবেশ করেছে। বিকেল সাড়ে চারটায় শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়। পরে শহরের আলফাত স্কয়ারে জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। সমাবেশে বক্তব্য দেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মো. শামছুল আবেদীন, সংরক্ষিত নারী আসনের সাংসদ শামসুন্নাহার বেগম প্রমুখ।
মৌলভীবাজার: টাউন কামিল মাদ্রাসার প্রাঙ্গণে গতকাল ছাত্র-শিক্ষক-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুল কাইয়ুম সিদ্দিকী। এতে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সাংসদ সৈয়দা সায়রা মহসিন।
চাঁদপুর: সদরের ফরক্কাবাদ উচ্চবিদ্যালয়ে জঙ্গিবাদ ও ধ্বংসাত্মক কার্যকলাপ রোধ করতে শিক্ষার্থীদের সচেতন করার জন্য মতবিনিময় সভা করা হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ হাসান খান।
নান্দাইল (ময়মনসিংহ) : গতকাল মিছিলের নেতৃত্ব দেন ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সাংসদ মো. আনোয়ারুল আবেদিন খান। ওই মিছিলে নান্দাইল মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মাজহারুল হক , পৌরসভার মেয়র রফিক উদ্দিন ভূঁইয়া প্রমুখ অংশ নেন।